এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে তার বন্ধুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দয়রামপুর গ্রামের আরেক এসএসসি পরীক্ষার্থী ও সদর উপজেলার আগদিঘা গ্রামের সাইদুল শেখ (৪০), শহরের মিরপাড়ার শামীম হোসেন (২৮) ও শহরের কাঁঠালবাড়িয়া মহল্লার সোহেল রানা (৩২)।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব গত বুধবার সদর উপজেলার আশ্বিনার আমবাগানে মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, ছয় হাজার টাকা ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। অপহূত ছাত্র ও অপহরণে জড়িতদের মধ্যে এক ছাত্র একে অপরের বন্ধু।
র‌্যাব-৫ (রাজশাহী) জানায়, ১৮ এপ্রিল বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজার এলাকা থেকে ওই পরীক্ষার্থীকে তার বন্ধু কৌশলে মোটরসাইকেলে করে সদর উপজেলার ছাতনী গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তার হাতে একটি পিস্তল ধরিয়ে দিয়ে ছবি ওঠানো হয়। সেই ছবি মুঠোফোনে তার বাবার কাছে পাঠিয়ে জানানো হয়, তাকে র‌্যাব অস্ত্রসহ আটক করেছে। তাকে ছাড়িয়ে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে।
নিরুপায় হয়ে অপহূত ছাত্রের ব্যবসায়ী বাবা বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধ করলে অপহরণকারীরা রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেয়। পরদিন অপহরণকারীরা মুঠোফোনে আবারও পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে আবারও অপহরণের হুমকি দেওয়া হয়। তখন ঘটনাটি র‌্যাবকে জানানো হয়।
ব্যবসায়ী বাদী হয়ে বুধবার রাতে বাগাতিপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব অপহরণকারী দলের উল্লিখিত চার সদস্যসহ উদ্ধার করা আলামত নাটোর প্রেসক্লাবে হাজির করে।