এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের এলএসডি অফিসসংলগ্ন সেতুর কাছে গতকাল মঙ্গলবার দুপুরে তরিকুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুষ্কৃতকারীরা। মুমূর্ষু অবস্থায় তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।তরিকুল এবার উপজেলার কাজলা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামে। তরিকুলের বাবা রফিকুল ইসলাম কাজলা উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার। বাবার চাকরির সুবাদে সে কাজলা থেকে পড়াশোনা করছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, তরিকুল পরীক্ষা দিয়ে তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে বের হয়ে বেলা দেড়টার দিকে কাজলা যাওয়ার উদ্দেশে এলএসডি সেতুর পশ্চিম দিকে পৌঁছামাত্র পাঁচ-ছয়জন যুবক তার পথরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দুটি মোটরসাইকেলে পশ্চিম দিকে পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা তরিকুলের হাতে, পিঠে, মাথায় ও পায়ে আঘাত করে। আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।মুঠোফোনে যোগাযোগ করা হলে তরিকুলের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়েকে জাওয়ার এবং মাগুরী গ্রামের কতিপয় যুবক উত্ত্যক্ত করত। তরিকুল এর প্রতিবাদ করায় সম্ভবত তারাই এ ঘটনা ঘটিয়েছে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুনুর রশিদ বলেন, তরিকুলের বাম হাতের কবজির ওপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে। যোগাযোগ করা হলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে আহত তরিকুলের সঙ্গে কথা বলেছে। থানায় কোনো অভিযোগ আসেনি জানিয়ে তিনি আরও বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।