কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী ইমরান হোসেনকে (১৫) হত্যার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। এলাকাবাসী, নিহত ইমরানের বন্ধু ও সহপাঠীরা তার লাশ নিয়ে এ বিক্ষোভ করেন।
থানার পুলিশ ও এলাকার কয়েকজন জানান, ইমরান অন্য ছেলেদের সঙ্গে গত সোমবার বিকেলে জগতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলছিল। একপর্যায়ে খেলা নিয়ে কয়েকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। হাতাহাতির একপর্যায়ে ইমরানের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমরান।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ইমরানের হত্যাকারীদের ধরেও ছেড়ে দিয়েছে জগতি ফাঁড়ির পুলিশ। এ কারণে তাঁরা রাস্তায় নেমেছেন।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দোষী হলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে কুষ্টিয়া শহরে ইমরানের স্কুল কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয়। বিকেলে জগতি এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, ইমরান হত্যার ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কেউ মামলা করেনি। দোষী লোকদের ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর স্থানীয় একজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ছেলেটিকে তার পরিবারের লোকজন কেড়ে নিয়ে যান। পুলিশ আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়।
ওসি আরও বলেন, ঘটনার পর যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল, প্রাথমিকভাবে মনে হয়েছে, তারা জড়িত না। তাই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।