এসএসসি পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এসএসসি পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রোববার রাজধানীতে সরকারি পরিবহন পুলের সভাকক্ষে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানানো হয়।

আন্তমন্ত্রণালয় কমিটির চূড়ান্ত সভা শেষে ওই কমিটির সভাপতি কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, এসএসসি পরীক্ষা সৃজনশীল অংশে প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে এমসিকিউ প্রশ্নে কিছু কিছু মিলেছে।

পরীক্ষা বাতিল হবে কি না, এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে মো. আলমগীর বলেন, ১৫-২০ লাখ শিক্ষার্থীর স্বার্থের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারও তাই করবে। এমন কোনো সুপারিশ করা হবে না, যা তাদের জন্য ক্ষতি হবে। তাই তারা যেন উদ্বেগে না থাকে। তিনি বলেন, দু–এক দিনের মধ্যেই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হবে।