কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর মুখমণ্ডলের ছবি কম্পিউটারে সম্পাদনা করে অশ্লীল ছবি বানিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে একই এলাকার হবি মিয়া (৩০) ও মো. লিটন (২৬) নামের দুজনকে গ্রেপ্তার ও তাঁদের একটি কম্পিউটার জব্দ করেছে নিকলী থানার পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী মেয়েটিকে স্কুলে যাওয়া-আসার পথে ওই দুই যুবক ও তাঁদের কয়েক বন্ধু উত্ত্যক্ত করতেন। মেয়েটি এর প্রতিবাদ করলে তাঁরা ক্ষিপ্ত হন এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের মেয়েটি যোগ দিতে যাচ্ছিল। তখন মেয়েটিকে তাঁরা নানাভাবে উত্ত্যক্ত করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। ওই দিন বিকেলেই তাঁরা মেয়েটির মুখমণ্ডলের ছবির সঙ্গে অন্য এক যুবকের ছবি জোড়া লাগিয়ে তা ইন্টারনেটে ও মোবাইল ফোনে ছড়িয়ে দেন। এ খবর ছড়িয়ে পড়লে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এ ব্যাপারে মেয়েটির বড় ভাই বাদী হয়ে গত রোববার নিকলী থানায় দণ্ডবিধি ২৯২ ও ২৯৩ এবং ২০০৬ সালের তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। পুলিশ সেদিনই বিকেলে দুই যুবককে গ্রেপ্তার করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মেয়েটি খুবই মেধাবী। কিন্তু এ ঘটনায় তার পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, মামলা দায়েরের পর পরই দুই আসামিকে গ্রেপ্তার ও অশ্লীল ছবিসহ একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। গত সোমবার গ্রেপ্তার করা যুবকদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।