এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে গতকাল বুধবার সকালে ট্রাক্টর চালানো শিখতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল আটটার দিকে ভরতপুর বড়াল সেতুর কাছে আল মাহমুদ (১৬) নামের ওই শিক্ষার্থী চালকের অনুপস্থিতিতে ট্রাক্টর চালানো শিখতে গিয়ে নিচে পড়ে যায়। এ সময় ওই ট্রাক্টরটি তার ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আল মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাদাস গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি তার বাবার। চালকের সঙ্গে সে ওই ট্রাকে মালামাল নিতে বড়াইগ্রাম এসেছিল।