এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে গতকাল মঙ্গলবার এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষক পদত্যাগপত্র দাখিল করেন। বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পোমকাড়া সিদ্দিকুর রহমান অ্যান্ড হাকিম উচ্চবিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। গত সোমবার বিকেলে মেয়েটি প্রাইভেট পড়তে আসে। শিক্ষক তাকে পাশে শিক্ষকদের কক্ষে ডেকে নেন। এ সময় ওই কক্ষে কেউ ছিল না। সেখানে শিক্ষক মেয়েটির সঙ্গে অশালীন কথাবার্তা বলতে থাকেন। প্রতিবাদ করলে একপর্যায়ে শিক্ষক তার শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি দৌড়ে পালাতে চাইলে শিক্ষক তাকে জাপটে ধরার চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে প্রাইভেট পড়তে আসা তার এক বান্ধবী ঘটনাটি দেখে ফেলে। তাৎক্ষণিক তারা অভিভাবককে ঘটনাটি জানায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভা হয়। সভায় পর্ষদের সভাপতি আবুল হাসেম, প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।জানতে চাইলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হাসেম ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’