এসএসসি পরীক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী ইমরান নাজির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে জগতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে, ৩ মার্চ দোষী পুলিশ কর্মকর্তা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইমরানের লাশ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছিল নিহত ইমরানের স্বজন, সহপাঠীসহ এলাকাবাসী। সেদিন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
ইমরানের বাবা রমজান খান বলেন, ২ মার্চ বিকেলে সবার সামনে জগতি গ্রামের ইমন ইমরানের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সে সময় স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। কিন্তু স্থানীয় জগতি পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক আবদুল আলীম তাকে ছেড়ে দেয়।
অভিযোগ অস্বীকার করে আবদুল আলীম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘হত্যায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের কোনো গাফিলতি থাকলে সেটার অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’