রংপুরের পীরগঞ্জ, রাজশাহী নগর ও দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ আটজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর: রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাতপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, বাসের চালক নারায়ণগঞ্জের জামাল (৪০), যাত্রী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আঞ্জুমান আরা (১৮), বাসযাত্রী পুরুষ অজ্ঞাত (৩০) ও অজ্ঞাত (৬০)।রাজশাহী: পুুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাজশাহী-নাটোর মহাসড়কে নগরের চৌদ্দপাই এলাকায় গতকাল সকাল পৌনে নয়টার দিকে বাসের সঙ্গে একটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে আবদুল আওয়াল (৩৩), নুকু মিয়া (৩০), কামাল হোসেন (১৭) নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী-নাটোর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।দিনাজপুর: দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকা দিয়ে গতকাল সকাল পৌনে আটটার দিকে একটি বাইসাইকেলে চড়ে সঞ্জয় কুমার মহন্ত (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী যাচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সঞ্জয় চিরিরবন্দর বিন্নাকুড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি উপজেলার ঈশবপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে।জামালপুর: ইসলামপুর উপজেলার পৌর গোরস্থানের কাছে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকের চাপায় নাফিজুর রহমান নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত এবং তার সহপাঠী রিপন মিয়া গুরুতর আহত হয়েছে। ইসলামপুরের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নাফিজুর ও রিপন বাইসাইকেলে করে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।