এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু
নাটোরে পৃথক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটে।
লালপুর উপজেলার মোমিনপুর গ্রামে বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন হোসেন (১৫) নামের এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাঁধন লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমানের ছেলে। সে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পানির মোটরের বিদ্যুৎ পানি সরবরাহের পাইপের সঙ্গে সংযোগ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।’
সিংড়া উপজেলার মহেশ চন্দ্রপুর মহল্লায় সকাল ১০টার দিকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আবদুল কাহার (১৬) মারা গেছে। সে একই মহল্লার আবুল হোসেনের ছেলে।
দুপুরে একই উপজেলার পুঠিমারী গ্রামের বায়েজিদ আহমেদ (৬) দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের গদাই নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বেলা তিনটার দিকে এলাকাবাসী নদীতে তার মৃতদেহ ভাসতে দেখেন। বায়েজিদ একই গ্রামের ফারুক হোসেনের ছেলে।