বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। একই উপজেলায় ভটভটির ধাক্কায় প্রাণ গেছে এক শিশুর। ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শিবগঞ্জ (বগুড়া): গত মঙ্গলবার উপজেলার হরিপুর নামক স্থানে জয়পুরহাট-বগুড়া আন্তমহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আজিজুল হক নামের এক এসএসসি পরীক্ষার্থীর মারা গেছে। সে আলীয়ারহাট রোকেয়া-ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। এদিকে মায়ের ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে আফসানা খাতুন (১০) নামে বুড়িগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গতকাল বুধবার ভটভটির ধাক্কায় মারা গেছে। সে একই উপজেলার দক্ষিণ ছাতরা গ্রামের আলাউদ্দিন আলীর মেয়ে। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের মথুরাপুর গ্রামে মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরেকজন। শরিফুল সদর উপজেলার মথুরাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।কুড়িগ্রাম: কুড়িগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালকসহ দুজন নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফিরোজা (৩২) ও মিঠু ( ১৮)। আহত ব্যক্তিরা হলেন মোমিনুল (২৩) ও নাসিমুল (২৪)।