এসএসসি পরীক্ষার্থীসহ পরিবারের তিনজন এসিড-সন্ত্রাসের শিকার
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী একটি মেয়ে, তার বাবা ও ভাই এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। গত রোববার রাতে উপজেলার সাঁইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিড নিক্ষেপের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসিডদগ্ধ মনিরা সুলতানা স্থানীয় চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন মনিরার ভাই আবদুস সালাম জানান, তিনি ও মনিরা ওই রাতে ঘরে বসে লুডু খেলছিলেন। রাত সাড়ে আটটার দিকে এক নারী ঘরে প্রবেশ করে মনিরাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারেন। এতে মনিরা ও তিনিও দগ্ধ হন। তাঁদের চিৎকারে বাবা এগিয়ে এলে তাঁকেও এসিড ছুড়ে মেরে ওই নারী পালানোর চেষ্টা করেন। এসিডে গুরুতর দগ্ধ হয়েও তাঁর বাবা ওই নারীকে ধরে ফেলেন। পরে প্রতিবেশীরা ছুটে আসে। পুলিশে খবর দেওয়া হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তিনজন এসিডে দগ্ধ হয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন বলেন, ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসিড বহনকারী বোতল ও গ্লাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মনিরার বাবা দানিফ আলী বাদী হয়ে মামলা করেছেন।