এসএসসি পরীক্ষার্থীসহ বজ্রপাতে নিহত ৫
রাজবাড়ী সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। একই দিন বজ্রপাতে ফরিদপুর সদরে এসএসসি পরীক্ষার্থী ও বাগেরহাটের মোরেলগঞ্জে আরেক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হন।
রাজবাড়ী সদরে নিহত ব্যক্তিরা হলেন কৃষক লাবলু মোল্লা (৪২) ও এসএসসি পরীক্ষার্থী রাজু মোল্লা (১৬)। রাজু উপজেলার শায়েস্তাপুর গ্রামের ইশারত হোসেন মোল্লার ছেলে। সে এবার রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আর কৃষক লাবলু মোল্লার বাড়ি উপজেলার ধমর্শী গ্রামে। মোরেলগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী গ্রামের কালিপদ মজুমদার (৫০) ও গড়ঘাটা গ্রামের রফিকুল ইসলাম (২৫)। ফরিদপুর সদরে নিহত মো. হাসান মোল্লা (১৬) হাসান কৃষ্ণনগর গ্রামের জাভেদ মোল্লার ছেলে। সে এ বছর স্থানীয় কৃষ্ণনগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: জেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, বাড়ির পাশে মাঠে কাজ করে বাড়ি ফিরছিল রাজু মোল্লা। এ সময় সে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস বলেন, গতকাল সকালে স্থানীয় কামলা গ্রামের সায়েম শেখের কলাবাগানে তিন দিনমজুর কাজ করছিলেন। দুপুরের দিকে সেখানে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে কালিপদ ও রফিকুল নিহত এবং সাইফুল আহত হন।
ফরিদপুর: ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, দুপুর দুইটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে হাসান মোল্লা বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।