এসএসসি পার হতে পারেননি ১১৮ জন কাউন্সিলর পদপ্রার্থী
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে ৩০০ জন কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১১৮ জন কাউন্সিলর পদপ্রার্থী এসএসসি পার হতে পারেননি। কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে স্বশিক্ষিত ৩৯ জন, অক্ষরজ্ঞানসম্পন্ন ৩৫ জন, পঞ্চম শ্রেণী পাস দুজন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী পাস একজন করে, অষ্টম শ্রেণী পাস ৩৭ জন এবং দশম শ্রেণী পাস তিনজন। কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে পুরুষেরাই বেশি অক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ১ নম্বর কলামে প্রার্থীরা নিজেই তাঁদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ছকটি পূরণ করেন। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলফনামা থেকে তথ্য জানা গেছে। জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ২৭টি ওয়ার্ডে ২৩১ জন কাউন্সিলর (পুরুষ) পদে প্রার্থী হয়েছেন। এর মধ্যে স্বশিক্ষিত ৩৩ জন, অক্ষরজ্ঞানসম্পন্ন ৩১ জন, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী পাস একজন করে, অষ্টম শ্রেণী পাস ২৬ জন, দশম শ্রেণী পাস তিনজন, এসএসসি পাস ৩০ জন, এইচএসসি পাস ৩৯ জন, বিএ পাস ২৯ জন, এম এ পাস ১২ জন ও অন্যান্য ডিগ্রিধারী ২৬ জন। অন্যদিকে সংরক্ষিত নয়টি ওয়ার্ডে স্বশিক্ষিত ছয়জন, অক্ষরজ্ঞানসম্পন্ন চারজন, পঞ্চম শ্রেণী একজন, সপ্তম শ্রেণী একজন, অষ্টম শ্রেণী ১১ জন, এসএসসি নয়জন, এইচএসসি ১৬ জন, বিএ ১২ জন, এমএ পাঁচজন ও অন্যান্য ডিগ্রিধারী চারজন। তবে সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে ছয়জন প্রার্থীর কেউই এসএসসি পার হতে পারেননি। এর মধ্যে মাজেদা কবির অষ্টম শ্রেণী পাস, দেলোয়ারা বেগম পঞ্চম শ্রেণী, আঞ্জুমান আরা বেগম, নেহার বেগম, সাফিয়া খাতুন ও হোসনেয়ারা তালুকদার স্বশিক্ষিত। ৬ নম্বর ওয়ার্ডের ভোটার আনোয়ার হোসেন ও ফরিদা বেগম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, ন্যূনতম এসএসসি উত্তীর্ণ কোনো মহিলা কাউন্সিলর প্রার্থী পেলাম না। এঁদের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হবে।’জানতে চাইলে সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান বলেন, ‘ভোটাররা শিক্ষিত, সৎ, যোগ্য ও বদনাম কম এমন প্রার্থীকে বেছে নেবেন।’প্রসঙ্গত আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।