ভিজিটিং কার্ডে নামের আগে ‘ডাক্তার’ লেখা। কার্ডে আরও লেখা রয়েছে ‘মা ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত’। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জানা গেল, তাঁর ‘বিদ্যার’ দৌড় আসলে এসএসসি পর্যন্ত। এই বিদ্যা দিয়েই চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সৎসঙ্গ বাস্তুহারা এলাকায় দীর্ঘদিন ধরে ‘চিকিৎসক’ পরিচয় দিয়ে রোগী দেখছিলেন রাসেল কান্তি নাথ। আসলে তিনি ভুয়া চিকিৎসক।
অভিযানে ধরা পড়ার পর ভুয়া চিকিৎসক রাসেল কান্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে আর প্রতারণা করবেন না, এমন মুচলেকাও দিয়েছেন তিনি। গতকাল বুধবার এই অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
রুহুল আমীন বলেন, ধরা পড়ার পর ভুয়া চিকিৎসক রাসেল কান্তি নাথ (এলাকায় আর কে নাথ নামে পরিচিত) স্বীকার করেন তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। কয়েক বছর আগে কক্সবাজার থেকে এমএলএফ প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। অভিযানে দোষ স্বীকার করে মাফ চাওয়ার কারণে তাঁকে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতারণা করার চেষ্টা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে বলে তাঁকে সতর্ক করা হয়েছে।