কাজের চাপে তিন মাস বাড়ি যেতে পারছিলেন না কেওয়াটখালী রেলওয়ের প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত গুদাম সংরক্ষক আবদুল বাকী। ছেলের এসএসসিতে ভালো ফলাফল করার খবর পেয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। গত শনিবার স্ত্রীকে ফোন করে বলেছিলেন, ‘চিন্তা কোরো না, রোববার ছুটি নিচ্ছি। ছেলের জন্য মিষ্টি নিয়ে বাড়ি আসব।’ কিন্তু মিষ্টি নিয়ে বাকীর আর বাড়ি ফেরা হয়নি। গতকাল সোমবার রাত ১২টার দিকে ফিরেছে তাঁর লাশ। স্বামীর সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ বলার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাকীর স্ত্রী। গতকাল তিনি মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, শনিবার বিকেল ও সন্ধ্যায় বাকীর সঙ্গে তাঁর দুই দফা মোবাইল ফোনে কথা হয়। এরপর আর কোনো কথা হয়নি।ময়মনসিংহ শহরের স্বদেশী বাজারের একটি আবাসিক হোটেল থেকে গত রোববার আবদুল বাকীর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় গতকাল সোমবার রেলওয়ের কেওয়াটখালীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কাজ) মো. মকবুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা করেন। এ ঘটনায় পুলিশ বাকীর কার্যালয়ের সহকর্মী এবং হোটেলের ব্যবস্থাপক ও কর্মচারীদের জিজ্ঞসাবাদ করেছে।বাকীর পরিবারের সদস্যেরা দাবি করছেন, নিহতের পেটের চামড়া উঠে গেছে এবং সেখানে রক্তের দাগ জমাট বেঁধে আছে। তাঁকে হত্যা করা হতে পারে। আবদুল বাকীর মেয়েজামাই আবু তৈয়ব বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা মামলা করব।’ গতকাল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবু তৈয়ব স্বজনদের সঙ্গে নিয়ে বাকীর লাশ গ্রহণ করেন। বাকীর এক ছেলে ও এক মেয়ে। ছেলে শাফায়েত উল্লাহ এবার এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৪ পেয়েছে।মেয়েজামাই আবু তৈয়ব দাবি করেন, হাসপাতালে মৃতের পেটের বিভিন্ন স্থানে তাঁরা চামড়া ওঠা ও রক্ত জমাট বাঁধার ছোপ ছোপ দাগ দেখেছেন। তিনি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আগের দিন স্থানীয় একজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন এবং বেতন তুলেছিলেন। তাঁকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি ময়মনসিংহে ৩০ বছরের বেশি কাজ করছেন।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আলী আহাম্মদ বলেন, ‘আমরা বাকীর কর্মস্থলের লোকজন ও হোটেলের ব্যবস্থাপক-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছি। আরও তদন্ত করা হবে।’