এসএসসি পাস না করেই এমবিবিএস ডাক্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পাস না করেই এমবিবিএস চিকিৎসক সেজে প্রতারণা করার অভিযোগ উঠেছে সজীব ইসলাম ওরফে মো. মাজিদুর রহমান সজীব নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজারে তিনি চেম্বার ও ওষুধের দোকান খুলেছেন। এলাকাবাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল করে বিচারের দাবি করেছেন।অনুসন্ধানে জানা গেছে, মাজিদুর রহমানের বাড়ি হাজীপুরের বেপারীপাড়ায়। স্থানীয় হাজীপুর উচ্চবিদ্যালয়ে ২০০০ সালের নবম শ্রেণীর নাম নিবন্ধন অনুসারে তাঁর প্রকৃত নাম সজীব ইসলাম। ২০০২ সালে সজীব ইসলাম ওই বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষায় অংশ নেন। ওই বছর তিনি ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও কৃষি—এই তিন বিষয়ে অকৃতকার্য হন।২০০৩ সালে পুনরায় তিনি ওই তিন বিষয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ওই পরীক্ষায় পুনরায় তিনি ইংরেজি ও কৃষি বিষয়ে অকৃতকার্য হন। পরবর্তী বছর আর তিনি পরীক্ষায় অংশ নেননি। সজীব ইসলামের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাজেদুল হক বলেন, এসএসসি নিবন্ধনে সজীব ইসলামের বাবার নাম আবদুল মালেক উল্লেখ রয়েছে। মাজেদুল ইসলাম সজীব নামে এ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ছিল না। জানা গেছে, এসএসসি পাস না করলেও সজীব ইসলাম কলকাতার অল্টারনেটিভি মেডিকেল কাউন্সিলের অধীনে বারাসাত সেন্ট্রাল বায়োকেমিক মেডিকেল কলেজ থেকে চার বছর মেয়াদি এমবিবিএস এএম ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করেন। তাঁর ভিজিটিং কার্ড ও সাইনবোর্ড ছাড়াও ডিশের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক বলে এলাকায় প্রচারণা চালান। তাঁকে রোগী দেখাতে দিতে হয় ৩০০ টাকা। ছয় মাস ধরে তিনি সুচিকিৎসার নামে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন।তাঁর এমবিবিএস পরিচয়ে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর কর্মকাণ্ড নিয়ে এলাকার কেউ কথা বলতে গেলে উল্টো হুমকি দেন বলে অনেকে অভিযোগ করেন।এলাকাবাসী তাঁর চিকিৎসা প্রতারণা বন্ধের দাবি জানিয়ে স্থানীয় মেষ্টা ইউপির চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন। ইউপি চেয়ারম্যান তাঁর গ্রাম আদালতের মাধ্যমে সজীবকে শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী সাত দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে জানান, অ্যালোপ্যাথিক ডাক্তারি করতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) নিবন্ধিত হতে হবে। ওই নিবন্ধন না নিয়ে কেউ যদি ডাক্তারি করে, তা বৈধ হবে না। আর যেকোনো উচ্চশিক্ষার জন্য অবশ্যই এসএসসি ও এইচএসসি পাস হতে হবে।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কথিত মাজিদুর রহমান সজীবের বিষয়ে তদন্ত করা হয়েছে। তিনি কলকাতা থেকে এমবিবিএস এএম ডিগ্রি অর্জনের সনদ দেখান। কিন্তু এসএসসি ও এইচএসসি পাসের কোনো সনদ দেখাতে পারেননি। তদন্ত প্রতিবেদনটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে পাঠানো হয়েছে।মাজিদুর রহমানের কাছে তাঁর শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা স্বীকার করেন। তবে কীভাবে, কোন প্রক্রিয়ায় নিজের নাম পরিবর্তন করে এইচএসসি পাস এবং কলকাতা থেকে এমবিবিএস এএম ডিগ্রি অর্জন করলেন—এসব বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।