এসএসসি: শেরপুরে নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ
এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৫ নম্বর কক্ষে কয়েকজন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। ওই কক্ষে শেরপুর জিকে পাইলট উচ্চবিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে সৃজনশীল পদ্ধতির বহু নির্বাচনী অভীক্ষা প্রশ্নপত্রের পরিবর্তে পুরোনো সিলেবাস অনুযায়ী নৈর্ব্যক্তিক অভীক্ষা প্রশ্নপত্র সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ওই কক্ষে দায়িত্ব পালনরত শেরপুর সদর উপজেলার কুসুমহাটি উচ্চবিদ্যালয় ও ইমামবারী উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষক পুরোনো সিলেবাসের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন। নতুন সিলেবাস অনুযায়ী নৈর্ব্যক্তিক পরীক্ষায় ৪০টি প্রশ্নের উত্তর দেওয়ার বিধান রয়েছে। কিন্তু সরবরাহকৃত প্রশ্নপত্রে ৫০টির উত্তর দিতে হবে দেখে কয়েকজন পরীক্ষার্থী ওই কক্ষে কর্তব্যরত ওই দুই শিক্ষককে বিষয়টি জানায় এবং প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু কর্তব্যরত ওই দুই শিক্ষক পরীক্ষার্থীদের আপত্তিটি আমলে না নিয়ে ওই প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা দেওয়ার নির্দেশ দেন। একপর্যায়ে পরীক্ষার্থীরা বাধ্য হয়ে প্রাপ্ত প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিয়ে বাড়ি চলে যায়। পরে শেরপুর জিকে পাইলট উচ্চবিদ্যালয়ের ভুক্তভোগী পরীক্ষার্থীদের মধ্যে সেলিনা হক সুমী (রোল-২৮২৮৬৮), রুমানা খাতুন (রোল-২৮২৮৭০), শিখন আক্তার (রোল-২৮২৮৬৬) ও হুমায়ুন কবির (রোল-২৮২৮৭২) নিজ নিজ বাড়িতে এসে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে অভিভাবকসহ পরীক্ষার্থীরা গতকাল বিকেলে বিষয়টি শেরপুরের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট কেন্দ্র শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা খাতুন ও কেন্দ্রসচিব শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদা খাতুনকে বিষয়টি জানায়।এই পরীক্ষার্থীরা প্রথম আলোকে বলে, সংশ্লিষ্ট দুই শিক্ষকের গাফিলতির শিকার হয়েছে তারা। এখন তাদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা খাতুন ভুল প্রশ্নপত্র সরবরাহের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনাটি দুঃখজনক। দায়ী দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।