কুমিল্লা শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এক বছরেই ঝরে পড়ল ২১ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। পড়াশোনায় অমনোযোগী হওয়া, অর্থাভাব, বিয়ে, পারিবারিক টানাপোড়েন ও হতাশার কারণে দিন দিন ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট মহলও দারুণ উদ্বিগ্ন। এই অবস্থায় ৯ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা সূত্র জানায়, এই বোর্ডের অধিভুক্ত ছয় জেলার এক হাজার ৬১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১২-১৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তি হয় এক লাখ ৫৩ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয় ১২ হাজার ৮৯৫ জন। সব মিলিয়ে ২০১৪ সালে এসএসসি পরীক্ষার্থী হওয়ার কথা ছিল এক লাখ ৬৬ হাজার ৬০৪ জন। কিন্তু গত ডিসেম্বর মাসে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে এক লাখ ৪৪ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এভাবে এক বছরেই ঝরে গেল ২১ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গ্রামের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক ও পঠন-পাঠনে বৈচিত্র্য না থাকায় শিক্ষার্থীরা খেই হারিয়ে ফেলে। যে কারণে বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় গ্রামের বিদ্যালয় নেই বললেই চলে।
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বলেন, পরীক্ষায় একবার অকৃতকার্য হলে পরেরবার বেশির ভাগ শিক্ষার্থী অংশ নিতে চায় না। এ ক্ষেত্রে মেয়েদের বিয়ে হওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। ছেলেদের বিদেশগামী হতে দেখা যায়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে এক লাখ ৪৪ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৫ হাজার ৯৩৪ জন এবং মেয়ে ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞানে ২৯ হাজার ১৯২ জন, মানবিকে ৩৪ হাজার ৪১০ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮১ হাজার ৩৩১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর ২২৪টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। ১৩টি পরীক্ষা কেন্দ্র নতুন করা হয়েছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, অভিভাবকদের নজরদারির অভাব, প্রত্যাশিত শিক্ষক না থাকা ও দারিদ্র্যের কারণে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা রয়েই যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ হার কমাতে হবে।
জেএসসি থেকেই ঝরে পড়ছে: ২০১১ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এক লাখ ৭৬ হাজার ৩৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ২০১২ সালে নবম শ্রেণীতে ভর্তি হয় এক লাখ ৫৩ হাজার ৭০৯ জন। ওই সময়ে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী জেএসসিতে কৃতকার্য হয়েও আর বিদ্যালয়মুখী হয়নি। এবারও নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে আট হাজার ৭৭৬ জন পরীক্ষায় অংশ নেয়নি।