কুমিল্লা শিক্ষা বোর্ডে আসন্ন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে এবার ১২ হাজার ৪৩০ জন বেড়েছে। একই সঙ্গে গত দুই বছরে ঝরে পড়েছে ২৯ হাজার ৬৫৭ জন শিক্ষার্থী। শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিসহ সব মহলে জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাসংশ্লিষ্ট মহল। অন্যদিকে দারিদ্র্য, বিয়ে, বিদেশগামী প্রবণতা ও হতাশার কারণে ঝরে পড়ছে শিক্ষার্থীরা। আগামী ১ ফেব্রুয়ারি ওই বোর্ডসহ দেশের সব কটি শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এক লাখ ২৮ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার এক হাজার ৫৭১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছে। ১৮২টি পরীক্ষা কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক প্রথম আলোকে জানান, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছে এক লাখ ২৮ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। এতে ছেলে ৫৯ হাজার ৫৫৭ জন, মেয়ে ৬৯ হাজার ৪৩৮ জন। এর মধ্যে বিজ্ঞানে ২৩ হাজার ৯৬১ জন, মানবিকে ২৮ হাজার ৯৫৫ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৭৬ হাজার ৭৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এবার সব বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০১১ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার ৫৬৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২১ হাজার ৮১ জন, মানবিক বিভাগে ২৩ হাজার ৩৭৯ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৭২ হাজার ১০৫ জন।তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের জন্য নাম নিবন্ধন করে এক লাখ ৪১ হাজার ৮৪৪ জন। ২০১১ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয় ১৬ হাজার ৮০৮ জন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা হওয়ার কথা এক লাখ ৫৮ হাজার ৬৫২ জন। কিন্তু নাম নিবন্ধন করেছে এক লাখ ২৮ হাজার ৯৯৫ জন। এ অবস্থায় দুই বছরের মধ্যেই ঝরে গেল ২৯ হাজার ৬৫৭ জন শিক্ষার্থী।কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘দারিদ্র্য, বাল্যবিবাহ, ছেলেদের বিদেশগামী প্রবণতা ও একবার অকৃতকার্য হওয়ার পর দ্বিতীয় দফা পরীক্ষায় অংশ না নেওয়ায় ঝরে পড়ার হার বাড়ছে।’কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব মো. অলিউর রহমান বলেন, ‘অন্যান্যবারের তুলনায় এবার ঝরে পড়ার হার কমেছে। বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। সমাজের সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। সরকারের নানামুখী কর্মকাণ্ড, শিক্ষা বোর্ডের সচেতনতামূলক কর্মসূচি ও বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্যোগী হওয়ায় দিন দিন পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে।’ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ অধ্যাপক আমীর আলী চৌধুরী বলেন, ‘আর্থ-সামাজিক প্রেক্ষাপটের কারণে গ্রামাঞ্চলে ঝরে পড়ার হার বেশি। সেখানকার শিক্ষার্থীদের অধিকাংশই ইংরেজি ও গণিতে দুর্বল, যে কারণে সামগ্রিকভাবে ঝরে পড়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। সব মহলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে ঝরে পড়ার হার কমানো যেতে পারে।’