এসএসসিতে পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এবার ১ হাজার ১০টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৮ হাজার ২৯ পরীক্ষার্থী অংশ নেবে এসএসসি পরীক্ষায়। আগামী ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।

গত বছর এসএসসি পরীক্ষায় এই বোর্ডে ৯৯৭টি বিদ্যালয়ের ১ লাখ ১২ হাজার ৯৫৯ শিক্ষার্থী অংশ নিয়েছিল। পরীক্ষাকেন্দ্র ছিল ১৬৯টি। এবার পরীক্ষা হবে ১৭১টি কেন্দ্রে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গতবারের মতো এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। এ বছর ছাত্রীর সংখ্যা ৬২ হাজার ৫৩৫। আর ছাত্র ৫৫ হাজার ৪৯৪ জন। চলতি বছরে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৯৬। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ১১ হাজার ৭৬৯ ও ৬৪।

এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৭ হাজার ৯০৪ জন, মানবিকে ৩৩ হাজার ৫৭৮ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থী অংশ নেবে ২৬ হাজার ৫৪৭ জন।

বোর্ডের অধীন ৫ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী চট্টগ্রাম জেলায়, ৮৪ হাজার ৬৬১ জন। কক্সবাজারে ১৫ হাজার ৪৪৩ জন, খাগড়াছড়ি ৭ হাজার ৭০৫ জন, রাঙামাটি ৭ হাজার ২৭০ জন এবং বান্দরবানে ২ হাজার ৯৫০ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।