কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিলির ঘটনায় তদন্ত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় শিক্ষা বোর্ডের সচিব আবদুল মজিদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বৃহস্পতিবার থেকে তদন্তকাজ শুরু করে। গতকাল শনিবার তদন্তকাজ শেষ হয়।সূত্র জানায়, রৌমারী এম আর উচ্চবিদ্যালয় ও ভূরুঙ্গামারী পাইলট হাইস্কুল কেন্দ্রের নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় উপকেন্দ্রে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনেক পরীক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। ওই ঘটনায় এরই মধ্যে দুই হল সুপারসহ ১১ জন শিক্ষককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল মজিদ বলেন, তাঁরা রৌমারী ও ভূরুঙ্গামারীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছেন। তিনি বলেন, এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতির শিকার শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, বোর্ড কর্তৃপক্ষ তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।