এসএসসিতে সর্বনিম্ন পাসের হার দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার অঙ্গীকার করে নানা সমস্যার কথা তুলে ধরেছেন রাঙামাটি জেলার শতাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জেলা পর্যায়ে রাঙামাটি জেলার পাসের হার সর্বনিম্ন হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেন তাঁরা।
গত বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন আহমেদ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, শিক্ষাই পারে সব সমস্যার সমাধান করে দিতে। অভিভাবকদের সঙ্গে নিয়মিত সভা করে সচেতনতা বাড়াতে হবে। ছেলেমেয়েদের দিকে এখন নজর দিলে ভবিষ্যতে পরিবারের দারিদ্র্য দূর হবে। মঙ্গল হবে সমাজ ও দেশের। আর বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার হার বাড়লেও পাসের হার কমেছে। এ বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জেলা পর্যায়ে সর্বনিম্ন পাসের হার রাঙামাটি জেলায়। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
শিক্ষার নিম্নমান ও এসএসসিতে ফলাফল খারাপ হওয়া সম্পর্কে মূল্যায়ন তুলে ধরে শিক্ষকেরা জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট রয়েছে। তার মধ্যে রাঙামাটি শহরসহ জেলার সরকারি উচ্চবিদ্যালয়গুলোতে সংকট বেশি। উপজেলা পর্যায়ে মাত্র তিনজন শিক্ষক নিয়ে সরকারি উচ্চবিদ্যালয় চলার উদাহরণ রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিতের শিক্ষক নেই। অনেক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হলেও এমপিওভুক্তি নিম্নমাধ্যমিক পর্যন্ত। এ ছাড়া অনেক বিদ্যালয়ে অবকাঠামোগত সমস্যার কারণে গাদাগাদি করে পাঠদান করতে হয়। এসব সমস্যা দূর করা না গেলে শিক্ষার মানোন্নয়ন অনেকটা দুরূহ।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ, রাঙামাটি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন ও বিভিন্ন সাংবাদমাধ্যমের প্রতিনিধি।