এসএসসির অতিরিক্ত ফি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ড ৪ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে লালমনিরহাট জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএসসির ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নামও আছে।
ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো আমঝোল নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ডাউয়াবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়। দুটিই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলছে, তাদের বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে পড়ানো হয় না। তাদের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর অনুমতি আছে। তারপরও এসএসসিতে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে নোটিশ আসার ঘটনায় তারা হতভম্ব।
আমঝোল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ‘যেখানে মাধ্যমিক শাখা চালুর কোনো অনুমতি পাইনি, সেখানে আমরা কী করে এসএসসির ফরম পূরণ করে শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত টাকা নেব?’ ডাউয়াবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর রহমান বলেন, এমন একটি তালিকা দেখে তাঁরা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা ভেবে পাচ্ছেন না।
গতকাল রোববার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, ভুলের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এটা জেলা শিক্ষা কর্মকর্তা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দীন বলেন, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নাম কীভাবে এ তালিকায় এল, তা তাঁরা বুঝতে পারছেন। শিগগিরই এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো সুরাহা দেবে। তিনি আরও বলেন, এ তালিকা জেলা থেকে পাঠানো হয়নি। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এ তালিকা তাঁদের কাছে এসেছে।