২০১১ সালের চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে পুলিশ গত বুধবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে। এই তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম বোর্ডের সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন।গ্রেপ্তার হওয়া তিন কর্মচারী হলেন বোর্ডের এমএলএসএস আশানুর মোল্লা, দৈনিকভিত্তিক কম্পিউটার অপারেটর মহসিন পাটোয়ারী ও দৈনিকভিত্তিক স্ক্যানিং অপারেটর ফখরুজ্জামান ভূঁইয়া ওরফে সুমন। তাঁদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সালের ৮-এর ১৩ ধারায় মামলা হয়েছে বলে পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাসলিমা খান জানান।পুলিশ ও বোর্ড সূত্র জানায়, এই তিন কর্মচারীর বিরুদ্ধে চলমান এসএসসি পরীক্ষায় গত ২৭ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক উত্তরপত্র (ওএমআর) জালিয়াতির অভিযোগ রয়েছে। দুই পরীক্ষার্থীর ওই পরীক্ষার নৈর্ব্যক্তিক উত্তরপত্র স্ক্যানিং অপারেটর ফখরুজ্জামানের একটি প্যাকেটে পাওয়া যায়। ওই দুজনের একজন চট্টগ্রাম নগরের অংকুর সোসাইটি উচ্চবিদ্যালয়ের ও অন্যজন ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। কম্পিউটার কেন্দ্রের কর্মচারী রাজু আহমেদ এই দুটি উত্তরপত্র উদ্ধার করে সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদকে দেন। কিবরিয়া বিষয়টি ১ মার্চ বোর্ডের চেয়ারম্যানকে মৌখিকভাবে জানান। ওই দুই পরীক্ষার্থী পরীক্ষার হলে যে নম্বরের ওএমআরে পরীক্ষা দিয়েছিল, তার সঙ্গে উদ্ধার করা ওএমআর নম্বরের মিল নেই। তাদের মূল উত্তরপত্রগুলো পাওয়া যাচ্ছে না।জানা যায়, ওই তিন কর্মচারীর বিরুদ্ধে দুই শিক্ষার্থীর নৈর্ব্যক্তিক মূল উত্তরপত্র লুকিয়ে তাতে নতুন উত্তরপত্র সেঁটে দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগ তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তিন সদস্যের কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় আশানুর মোল্লাকে বোর্ড কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘দুই শিক্ষার্থীর নৈর্ব্যক্তিক উত্তরপত্রের মূল কপিগুলো সরিয়ে সেখানে নতুন করে অপর দুটি নৈর্ব্যক্তিক উত্তরপত্র সেঁটে দেওয়ার সময় হাতেনাতে ফখরুজ্জামান ধরা পড়েন। তাঁকে জিজ্ঞাসাবাদে অন্য দুজনের নাম বেরিয়ে আসে। মূল উত্তরপত্রগুলো পাওয়া যাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে তাঁদের পুলিশে সোপর্দ করি।’