এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে আরও ৯ জনের জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন (রিকাউন্ট) ৪৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে নয়জন এবং ফেল থেকে পাস করেছে ১৭ জন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনরায় মূল্যায়নের জন্য আট হাজার ৭৩৯ জন শিক্ষার্থী আবেদন করে। পুনর্মূল্যায়নের পর তাদের মধ্যে ১৭ জন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে নয়জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর বলেন, বিভিন্ন সময় পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সতর্ক করার পরও প্রতিবছরই এভাবে ভুল ধরা পড়ে এবং ফল পরিবর্তন হয়। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘যেসব পরীক্ষক ও নিরীক্ষক এভাবে ভুল করছেন, তাঁদের কোনো কোনো ক্ষেত্রে দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়। যেহেতু পরীক্ষক ও নিরীক্ষকদের নিয়োগ শিক্ষা বোর্ডের অধীনে নয়, তাই তাঁদের বিরুদ্ধে এর চেয়ে বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’