এসএসসির উত্তরপত্র ময়লার স্তূপে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ময়লার স্তূপ (ডাস্টবিন) থেকে কুড়িয়ে পাওয়া এসএসসির পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তরপত্রটির সঙ্গে হারিয়ে যাওয়া উত্তরপত্রের মিল খুঁজে পাওয়া গেছে।চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের একজন পরীক্ষার্থীর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের উত্তরপত্র জালিয়াতির অভিযোগ ওঠে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে গত ৩ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ধারণা করা হয়, এর মধ্যে একজন পরীক্ষার্থীর মূল উত্তরপত্র সরিয়ে অন্য একটি উত্তরপত্র সেখানে যুক্ত করা হয়েছে। কুড়িয়ে পাওয়া অংশটিই ছিল মূল উত্তরপত্র।বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের উত্তরপত্র জালিয়াতির অভিযোগে বোর্ড কর্তৃপক্ষ সম্প্রতি উপসচিব মাহবুব হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। ইতিমধ্যে তারা দ্বিতীয় পত্রের উত্তরপত্র জালিয়াতির তদন্তকাজ শেষ করেছে বলে জানা গেছে। কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার প্রথম পত্রের উত্তরপত্র জালিয়াতির তদন্তে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়েছেন। কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বোর্ডের উপসচিব মাহবুব হাসান বলেন, ‘আমরা গতকাল পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের মতামত নিয়েছি। বিষয়টি বেশ জটিল এবং গভীর বলে এ ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন।’ কুড়িয়ে পাওয়া উত্তরপত্রের বিষয়ে তদন্তের স্বার্থে এখনই কিছু জানাতে তিনি রাজি হননি। চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিবের দায়িত্ব পালনকারী সহকারী প্রধান শিক্ষক পূরবী চৌধুরী বলেন, ‘ময়লার স্তূপ থেকে পাওয়া উত্তরপত্রটির ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তবে এ ব্যাপারে গত মঙ্গলবার বিকেলে বোর্ড থেকে একটি চিঠির মাধ্যমে আমাদের তদন্ত কর্মকর্তাদের উপস্থিতির বিষয়টি জানানো হয়েছে।’ জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন বিকেলে নগরের নাসিরাবাদ চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশের একটি ময়লার স্তূপ থেকে উত্তরপত্রটি কুড়িয়ে পান স্থানীয় একজন বাসিন্দা। তিনি উত্তরপত্রটি ডাকযোগে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেন। বোর্ড সূত্রে জানা যায়, একটি উত্তরপত্রের সঙ্গে দুটি ওএমআর যুক্ত থাকে। এর একটি অংশ (‘ই’ টাইপ) পরীক্ষার দিন উত্তরপত্র থেকে আলাদা করে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়। উত্তরপত্রের সঙ্গে যুক্ত ওএমআরের অপর অংশটি (‘এইচ’ টাইপ) নিরীক্ষণ শেষে প্রধান পরীক্ষক বোর্ডে পাঠিয়ে দেন। বোর্ডের কম্পিউটার বিভাগ এ দুটি অংশের মধ্যে সমন্বয় করে। কিন্তু ময়লার স্তূপ থেকে পাওয়া উত্তরপত্রটির দ্বিতীয় অংশ বোর্ডে না পৌঁছায় এ বিষয়ে সন্দেহ থেকে যায়। এ অবস্থায় সব উত্তরপত্রের ওএমআর হাতে আসার পর ১১ মার্চ বোর্ড কর্তৃপক্ষ কুড়িয়ে পাওয়া উত্তরপত্রের ‘ই’ এবং ‘এইচ’ টাইপ অংশ স্ক্যানের মাধ্যমে জালিয়াতির বিষয়ে নিশ্চিত হয়েছে। একই পরীক্ষাকেন্দ্রে গত বছরও এসএসসির গণিত বিষয়ের একটি উত্তরপত্র পরীক্ষা শেষ হওয়ার তিন-চার ঘণ্টা পরে ময়লার স্তূপ থেকে কুড়িয়ে আনার অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে অবশ্য তখন কোনো তদন্ত হয়নি।