দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফলাফলের প্রথম তালিকা প্রকাশ করেছে। এতে ২১২ জন শিক্ষার্থীর জিপিএ বেড়ে গেছে।
এসব শিক্ষার্থীর মধ্যে ১০৫ জন জিপিএ-৫ পেয়েছে, এ গ্রেড পেয়েছে ৫৭ জন, এ-(মাইনাস) পেয়েছে ২৭ জন, বি গ্রেড পেয়েছে ছয়জন, সি পেয়েছে ১০ জন ও ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে সাত শিক্ষার্থী।
ওই ফলাফলের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, অকৃতকার্য হওয়া ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে নয়জন জিপিএ-৫, আটজন এ, ১২ জন এ- (মাইনাস), তিনজন বি, ১০ জন সি ও সাতজন ডি গ্রেড পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, পুনরায় নিরীক্ষার পর ঘোষিত ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, আবেদন করা শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, ফলাফল ঘোষণা হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনরায় নিরীক্ষণ করা হয়। নিরীক্ষণ শেষে গত বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করা হয়েছে।