ভোলার দৌলতখান উপজেলায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ফরিদপুরে নিহত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন। এছাড়া চুয়াডাঙ্গা, শেরপুরের শ্রীবরদী, বাগেরহাটের চিতলমারী, গাজীপুরের কালীগঞ্জ, মাগুরা, রংপুর, কুমিল্লার দাউদকান্দি, কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া, দিনাজপুর, নড়াইল, বাগেরহাট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের হরিপুর, জয়পুরহাটের পাঁচবিবিতে গত চার দিনে সড়ক দুর্ঘটনায় আরও ২৮ জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের হোসাইনিয়া মাদ্রাসার সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতেরা হলো টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান ও মো. সোহেল।ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদিতে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক বাদল হাওলাদার (৪০) ও শহীদ আকন (৪২) নিহত হন। আহত ব্যক্তিদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শাহীন হাওলাদার নামে আরেক যাত্রী মারা যান।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমীতে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ইদ্রিস আলীকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান।শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদীতে বৃহস্পতিবার ভোরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মীম আক্তার (৪) ও শাহ আলী (৩৫) নিহত হন। বাগেরহাট: চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের হাঁড়িয়াঘোপ বাজারে বুধবার দুপুরে একটি প্রাইভেট গাড়ির চাপায় পথচারী ওবায়দুল শিকদার (২১) নিহত হন।শ্রীপুর (গাজীপুর): টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ উপজেলার কুলাইদ এলাকায় মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে বাস-টেম্পোর সংঘর্ষে টেম্পোর তিন যাত্রী নিহত হন। তাঁরা হলেন জাহান মিয়া (৩০), অজুফা (৪৫) ও তাঁর পুত্রবধূ চায়না। মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার সাচানি গ্রাম এলাকায় বুধবার ভোরে বাসের ধাক্কায় ঘটনাস্থলে অটোরিকশাচালক ওবায়দুল ইসলাম এবং যাত্রী আবু জাফর ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম নিহত হন।রংপুর: রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের রংপুর শহরের মাহীগঞ্জ চারমাথা মোড়ে গতকাল শুক্রবার সকালে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নজরুল ইসলাম ও অজ্ঞাতনামা একজন পুরুষ নিহত হন। এ ছাড়া রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর শহরে বাংলাদেশ রাইফেলসের দপ্তরের সামনে গত মঙ্গলবার একটি মিনিবাস একটি মোটরসাইকেল চাপা দিলে গোলজার হোসেন নামের একজন ঘটনাস্থলে এবং মোটরসাইকেল আরোহী নুর আলম হাসপাতালে মারা যান।কিশোরগঞ্জ: ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক সাহাবুদ্দিন, যাত্রী জালাল উদ্দিন, জ্যোৎস্না আক্তার ও অজ্ঞাতনামা এক নারী (২৮) নিহত হন।পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারের কাছে বৃহস্পতিবার বিকেলে টেম্পোর ধাক্কায় নিহত হয়েছে শরীফ নামের তিন বছরের এক শিশু।নড়াইল: নড়াইল-কালনা সড়কের নাকশী মাদ্রাসা নামক স্থানে নসিমন থেকে যাত্রী নিলুফার ইয়াসমিন (১৩) পড়ে গেলে বাসের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি মাইক্রোবাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী শরীফ উল্লাহ নিহত হন।বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কাদিরদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র খন্দকার তাসরুল (১৯) নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী কমলেশ্বরদী এয়াকুব আলী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শামীম পাটোয়ারী (১৭) পরদিন ঢাকার একটি হাসপাতালে মারা যায়। দিনাজপুর: দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ১১ মাইল নামক স্থানে বুধবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মাসুম (২৬), আসাদ (২৫) ও জনি (২৬)। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের চরহোসেনপুরে মঙ্গলবার সন্ধ্যায় নসিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুল গনি ভূঁইয়া (২৮) আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দেহট্ট গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পাওয়ার টিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নীলমণি চন্দ্র (২৬) নিহত হন। পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবি-কামদিয়া সড়কের হরন্দা বাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে এনামুল ও আলেক নামের দুজন নিহত হন। বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ-সাইনবোর্ড সড়কের আমতলা বাজার এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একটি মোটরসাইকেল পথচারী বড়ুজান বিবিকে (৭৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।