এসএসসির দ্বিতীয় দিনে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ২,৫০৭
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৫০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
রোববার প্রথম দিন বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষায় ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এ শিক্ষা বোর্ডে।
চট্টগ্রাম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বোর্ডের অধীনে পাঁচটি জেলায় মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৩০৭ জন। তবে সোমবার সকালে অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষায় অংশ নেয় ৫৪ হাজার ৭৪১ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৫৬৬ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ২ দশমিক ৭৮ শতাংশ।
অন্যদিকে বিকেলে অনুষ্ঠিত ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান পরীক্ষায় ৫৮ হাজার ৫০২ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৫৭ হাজার ৫৬১ জন। অনুপস্থিত ছিল ৯৪১ জন। এই বিভাগে অনুপস্থিতির হার ১ দশমিক ৬১ শতাংশ।
এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ২০৪টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।