দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের নম্বর ও প্রশংসাপত্র দিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে দুই দিন ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর থেকে কলেজ শাখা খুলেছে। কিন্তু এখনো কলেজের অনুমোদন পাওয়া যায়নি। এ ছাড়া অবকাঠামো সুবিধা নেই। শিক্ষক নিয়োগও হয়নি। এমন নামমাত্র কলেজে জোর করে তাদের আটকে রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নতুন বাক্তারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল ইসলাম প্রথম আলোকে জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির নির্দেশে নম্বর ও প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। তিনি আরও জানান, ‘বিদ্যালয়ে কলেজ শাখা খোলা হয়েছে। যারা এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছে, তাদের প্রতি আমাদের একটা দাবি আছে। তারা যেন এখানে ভর্তি হয়। শিগগির কলেজের অনুমোদন মিলবে।’সভাপতি আতিকউল্লাহ চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক জানান, শিক্ষার্থীদের নম্বর ও প্রশংসাপত্র দিয়ে দিতে প্রধান শিক্ষককে বলা হয়েছে। এর পরও কেন তিনি দিচ্ছেন না, তা খতিয়ে দেখা হবে।