জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দেশের আটটি শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে।
এ বছর এসএসসি ও এইচএসসিতেও সব বোর্ডের চেয়ে কুমিল্লা বোর্ডের ফল খারাপ ছিল। গতকাল শনিবার পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আছে। ইংরেজি ও গণিতে ফল খারাপ হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে এ বোর্ডে জেএসসিতে পাসের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। এ বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৮৬ এবং মেয়েদের পাসের হার ৬১ দশমিক ৩৯। অথচ সারা দেশের পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ।
শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ও জেএসসি পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত মো. বাহাদুর হোসেন বলেন, গ্রামাঞ্চলের পাসের হার কম হওয়ায় সার্বিক পাসের ওপর প্রভাব পড়েছে। শহরের এবং উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯০ শতাংশের ওপরে।
এ বছর জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৩৭৫ জন এবং মেয়ে ৫ হাজার ৫০০ জন। এবার বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৮৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এ ছাড়া, কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সব পরীক্ষার্থী ফেল করেছে। এ বিদ্যালয় থেকে নয়জন পরীক্ষা দিয়েছে।
২০১৬ সালে জেএসসিতে এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৬৮। ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৬৬, মেয়েদের ৮৮ দশমিক ৯৭। জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ১৮৬ জন। ৩৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছিল। শূন্য ভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল না।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট বিকাশ মল্লিক জানান, ইংরেজি ও গণিতে অনেক পরীক্ষার্থী ফেল করায় সামগ্রিক পাসের হার কমে গেছে। জেএসসিতে ইংরেজিতে ৭৬ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গণিতে ফেল করেছে ৪৫ হাজার ৯১৫ জন। অর্থাৎ ইংরেজিতে মোট শিক্ষার্থীর ২৯ দশমিক ৩০ শতাংশ, গণিতে ১৭ দশমিক ৫৪ শতাংশ এবং বিজ্ঞানে ৮ দশমিক ৮২ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার বলেন, গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। অভিভাবকদের সন্তানদের বিদ্যালয়মুখী করার চেষ্টা করতে হবে। সব মহলের সচেতনতা বাড়াতে হবে।
কুমিল্লা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. শহিদুল ইসলাম বলেন, এ বছর ইংরেজির প্রশ্ন অন্যান্য বছরের তুলনায় কঠিন হয়েছে। তার ওপর পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ছিল। খাতা মূল্যায়নেও বাড়তি নজরদারি ছিল।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুস ছালাম বলেন, পরীক্ষার ফল কেন খারাপ হয়েছে, সেটা তাঁরা খতিয়ে দেখবেন। ভবিষ্যতে ভালো করার জন্য মতবিনিময় সভাসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, শিক্ষা বোর্ডের কাজ সুশৃঙ্খলভাবে পরীক্ষা ব্যবস্থাপনা করা। পাঠ্যসূচি ঠিক রাখা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও তাদের দায়িত্ব। কিন্তু বোর্ডের কর্মকর্তাদের অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে ২০১৭ সালের এসএসসি, এইচএসসি ও জেএসসি পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে। এর দায় কোনোভাবে এড়াতে পারে না বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের কাজের চেয়ে কর্মকর্তারা অন্য কাজের প্রতি বেশি মনোযোগী। তাঁদের পরীক্ষা ব্যবস্থাপনায় দুর্বলতা থাকার কারণে ধারাবাহিকভাবে কুমিল্লার ফল খারাপ হচ্ছে। সরকারের উচিত উচ্চপর্যায়ের তদন্ত করে এর কারণ নির্ণয় করা।