এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে। সবগুলো বোর্ড আলাদাভাবে এই ফল প্রকাশ করেছে। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেই নতুন করে ১০৫ জন জিপিএ-৫ পেয়েছে। আর অকৃতকার্য হয়েছিল এমন শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ৯০ জন। এ ছাড়া ফল পরিবর্তন হয়েছে ৬৬৫ জনের।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, ঢাকা বোর্ডে এবার মোট ৩২ হাজার ৩২৬ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদের আজ রোববার একাদশ শ্রেণির ভর্তির জন্য আবেদন করতে হবে। অন্যদের মতো তাদেরও অনলাইনে ও খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে হবে। আজই শেষ হচ্ছে ভর্তির আবেদন। কারা কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন।