এসএসসির প্রবেশপত্রে ভুল, উদ্বিগ্ন পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রবেশপত্রে ভুল পাওয়া গেছে। তাদের প্রবেশপত্রে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য বিষয় কোড উল্লেখ করেছে শিক্ষা বোর্ড।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় তিনটি পরীক্ষাকেন্দ্রে ১ হাজার ২৫০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে। এসব পরীক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ১৬ জন আংশিক পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল তথ্য পাওয়া গেছে। রাজশাহী শিক্ষা বোর্ড বিভিন্ন কেন্দ্রের সচিবদের মাধ্যমে এক সপ্তাহ আগে এ প্রবেশপত্র পাঠায়।
তালোড়া আলতাফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব সামছুল ইসলাম বলেন, যেসব পরীক্ষার্থী এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়, তারাই আংশিক পরীক্ষার্থী হিসেবে পরের বছর ওই বিষয়ে পরীক্ষা দিতে পারে। কিন্তু এবার আংশিক পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার বিষয় কোড উল্লেখ রয়েছে। এ নিয়ে পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে।
দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, প্রবেশপত্র এনে যাচাই-বাছাই করার সময় এ ধরনের ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে এ কেন্দ্রে অংশগ্রহণকারী স্কুলের প্রধান শিক্ষকদের বিষয়টি জানানো হয়। কয়েকজন প্রধান শিক্ষক এ ধরনের পরীক্ষার্থীর তালিকা দিয়েছেন। তবে অবরোধ-হরতালের কারণে বোর্ডে গিয়ে প্রবেশপত্র সংশোধন করা যাচ্ছে না।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, কম্পিউটার অপারেটরদের অসতর্কতার কারণে এমনটি হয়েছে। যে পরীক্ষার্থী এক থেকে চার বিষয়ের জন্য নিবন্ধন করেছে, তারা সেই অনুযায়ী পরীক্ষা দেবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা কেন্দ্রসচিবের মাধ্যমে শিক্ষা বোর্ডে এলে প্রবেশপত্রের ভুল সংশোধন করে দেওয়া হবে। এ নিয়ে পরীক্ষার্থীদের চিন্তা করতে হবে না।