এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য মাথাপিছু এক হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য মাথাপিছু এক হাজার ৪৫০ টাকা ফি নির্ধারণ করেছে বোর্ড। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান শাখার প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে চার হাজার ৭৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীর কাছ থেকে চার হাজার টাকা আদায় করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, প্রতিবছরই এ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়তি টাকা আদায় করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দিন জানান, বোর্ডের নির্ধারিত ফির সঙ্গে বিদ্যালয়ের কিছু খাত যুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের কোন কোন খাতে টাকা নেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের তিন মাসের বেতন নেওয়া হচ্ছে। তবে অন্য কোনো খাতের কথা তিনি বলতে পারেননি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল হক খান জানান, বিদ্যালয়ে অনেক খণ্ডকালীন শিক্ষক আছেন, যাঁদের বেতন বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দিয়ে থাকে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক এ কে এম ফজলুল হক বলেন, আগামী বছরের তিন মাসের বেতন নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তা ছাড়া স্কুল কর্তৃপক্ষের নিজেদের খাত সৃষ্টির বিষয়টি খতিয়ে দেখা হবে।