এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বোর্ড থেকে সব মিলিয়ে এক হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হলেও নানা অজুহাতে স্কুলগুলো শিক্ষার্থীদের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় করছে। এদিকে অতিরিক্ত টাকা দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র ও অভিভাবকেরা জানান, শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষা ফি, কেন্দ্র ফি, সনদপত্র, স্কাউট ও জাতীয় শিক্ষা সপ্তাহসহ সব মিলিয়ে এক হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তারাগঞ্জের প্রায় সব স্কুলে দুই থেকে আড়াই হাজার টাকা করে ফি আদায় করা হচ্ছে। অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ মডেল টেস্ট, সেশন চার্জসহ নানা অজুহাত দেখাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, ভর্তির সময় সেশন চার্জ ও বেতন দেওয়ার পরও ফরম পূরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এসব খাতে টাকা আদায় করা হচ্ছে।

সয়ার কাজীপাড়া স্কুল অ্যান্ড কলেজে ফরম পূরণের জন্য দুই হাজার টাকা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রশিদুল হাসান বলেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নেওয়া হচ্ছে। তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ে ফরম পূরণ বাবদ আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এ বছর শিক্ষার্থীদের কাছ থেকে একটু বেশি টাকা নেওয়া হচ্ছে।

কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, ‘যারা আড়াই হাজার টাকা দিতে পারেনি তাদের শুধু বোর্ড ফি নিয়েও ফরম পূরণ করার সুযোগ দিয়েছি।’

এ ছাড়াও হাতীবান্ধা উচ্চবিদ্যালয় ও তেঁতুলতলা উচ্চবিদ্যালয়েও ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকেরা অতিরিক্ত টাকা আদায়ের কারণ হিসেবে পরিচালনা কমিটির সিদ্ধান্তকে দায়ী করেছেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।