এসএসসির ফরম পূরণে দ্বিগুণ ফি আদায়
পটুয়াখালীর বাউফল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোয় এবারের এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা শিক্ষক সমিতি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির চেয়ে প্রায় দ্বিগুণ টাকা ধার্য করে দিয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বাউফল উপজেলার ৬১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ১ নভেম্বর থেকে তাদের ফরম পূরণ শুরু হয়েছে, চলবে ২০ নভেম্বর পর্যন্ত।বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য কেন্দ্র ও সনদ ফিসহ সব মিলিয়ে নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৫০০ ও বিজ্ঞান বিভাগে এক হাজার ৬১০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আরও ১০০ টাকা অতিরিক্ত দিতে হবে।উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো বিদ্যালয়েই শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি নিয়ে ফরম পূরণ করা হয়নি। উপজেলার ধানদী গ্রামের আবু বক্কর, তাতেরকাঠী গ্রামের চান্দু শিকদার, কালাইয়া গ্রামের আবুল কালাম, তোফায়েল আহমেঞ্চদসহ কয়েকজন অভিভাবক জানান, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে দুই হাজার ৯৬০ ও বিজ্ঞানে তিন হাজার ৬০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অকৃতকার্য প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। তাঁরা জানান, রশিদ ছাড়াই এ ফি নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে পরীক্ষার সময় ছাত্রদের হয়রানি করবে, এ ভয়ে নিরুপায় হয়ে তাঁরা টাকা দিতে বাধ্য হন।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক সদস্য জানান, সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে দুই হাজার ৯৬০ ও বিজ্ঞানে তিন হাজার ৬০ টাকা ফি আদায় করা হচ্ছে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, নিয়মানুযায়ী ফরম পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেভাবেই ফরম পূরণ চলছে।