এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দেওয়ার দাবিতে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন বিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। চট্টগ্রাম নগর ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, নগরের বিভিন্ন বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি আদায় করেছে। অতিরিক্ত ফি আদায় বন্ধে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু তার আগে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। তাই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ যাতে ফিরিয়ে দেওয়া হয়, সে জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারিক মিয়া বহুমুখী বিদ্যালয়, খান সাহেব আবদুল হাকিম উচ্চবিদ্যালয়, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ, সারমন স্কুল অ্যান্ড কলেজ, ফিরোজশাহ বালিকা বিদ্যালয়, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
খান সাহেব আবদুল হাকিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান উদ্দিন ও আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দিন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিদ্যালয়ে এসে বাড়তি ফি না নিতে এবং আগে নিয়ে থাকলে তা ফেরত দেওয়ার অনুরোধ করেছেন।