এসএসসির ফরম পূরণের নামে অতিরিক্ত অর্থ আদায়
সুনামগঞ্জ ও নেত্রকোনায় মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের নামে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কোচিং বা অতিরিক্ত ক্লাস, বাড়তি বেতন, সেশন ফিসহ নানা খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা আদায় করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি হচ্ছে বিজ্ঞান বিভাগে এক হাজার ১১০ টাকা, মানবিক ও ব্যবসায় শাখা বিভাগে এক হাজার ২০ টাকা। কিন্তু সুনামগঞ্জে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান দ্বিগুণ-তিন গুণ হারে ফি নিচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, জেলা শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে তিন হাজার ৫৮৫ টাকা এবং মানবিক বিভাগে তিন হাজার ৪৯৫ টাকা। এইচ এম পি উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে তিন হাজার ১৫৫ টাকা, মানবিক বিভাগে তিন হাজার ৬৫ টাকা। শহরের বুলচান্দ উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে তিন হাজার ৩০০ টাকা, মানবিক বিভাগে তিন হাজার ২০০ টাকা। সদর উপজেলার মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ে ফি আদায় করা হচ্ছে তিন হাজার ২০০ টাকা। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এক হাজার ৩৫৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৬৫ টাকা। সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ে বোর্ড নির্ধারিত হারে বিজ্ঞান বিভাগে নেওয়া হচ্ছে এক হাজার ১১০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৫০ টাকা। অনিয়মিত শিক্ষার্থীদের আরও ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। একইভাবে মাদ্রাসাগুলোতে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা শহরের হাসননগর এলাকার অভিভাবক মনিরুল ইসলাম বলেন, ‘ছোট একটি দোকান দিয়ে কোনো রকমে টেনেটুনে সংসার চালাই। আমার এক ছেলে পরীক্ষা দেবে। কয়েক দিন থেকে টাকার জন্য পীড়াপীড়ি করছে। কিন্তু এত টাকা জোগার করতে পারছি না।’ উকিলপাড়া এলাকা আরেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্কুলে পাঁচ ঘণ্টা ক্লাস হয়। পরে স্কুলের ভেতরেই আবার এক ঘণ্টা কোচিং করান শিক্ষকেরা। তাহলে তাঁরা (শিক্ষক) আগের পাঁচ ঘণ্টা ক্লাসে কী পড়ান—এটাই ভেবে পাই না। আসলে এটা টাকা নেওয়ার একটা ধান্দা।’ অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘কোচিং ফির জন্য এই টাকা নেওয়া হচ্ছে।’ বোর্ডের ফি কত জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন। পরে আর ফোন ধরেননি। এইচ এম পি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনচান মিঞা বলেন, ‘তিন মাসের অতিরিক্ত ক্লাস (কোচিং), জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন, সেশন ফি, যাতায়াত ফি ইত্যাদি বাবদ বাড়তি টাকা নেওযা হচ্ছে।’ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ বলেন, ‘আমরা বোর্ড নির্ধারিত হারেই ফি নিচ্ছি। এর বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অন্য প্রতিষ্ঠান কীভাবে নিচ্ছে আমি জানি না।’ এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ডের নীতিমালার বাইরে অতিরিক্ত টাকা আদায় করতে পারবে না। অভিযোগ পেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’এলাকাবাসী ও ভুক্তভোগী অভিভাবকদের সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ড নির্ধারিত ফি মানবিকে সর্বোচ্চ এক হাজার ৯০ টাকা ও বিজ্ঞান বিভাগে এক হাজার ১৬৫ টাকা (প্রতি বিষয়, কেন্দ্র ও আনুষঙ্গিক খাতের ফি) হলেও নেত্রকোনার অধিকাংশ স্কুলে এক হাজার ৭০০ থেকে তিন হাজার ৩৮০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। আটপাড়া তেলিগাতি বিএনএইচকে একাডেমিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘বিদ্যালয়টিতে তিন হাজার ২৪০ টাকা ফরম পূরণ বাবদ আদায় করা হয়েছে। এভাবে প্রতিষ্ঠানগুলো আমাদের পকেট কেটে নিচ্ছে।’প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. বদরউদ্দিন অতিরিক্ত অর্থ আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘কী কী খাতে অর্থ নেওয়া হয়েছে আমি আপনাকে তা বলে দিতে পারব।’মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান বলেন, ‘আমি ছাত্রীদের অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, হিসাববিজ্ঞান বিষয়ে বিশেষ যত্নের জন্য এক হাজার ও ফরম পূরণ বাবদ দুই হাজার ৩৮০ টাকা নিচ্ছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার-নির্ধারিত ফি থাকলেও সেশন, তিন মাসের বেতন ও ব্যবস্থাপনা ফি নেওয়ার কারণেই এই টাকা বেশি হচ্ছে।’মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল বলেন, ‘আমি অভিভাবকদের সঙ্গে আলাপ করে বিষয়টি জানতে পেরেছি। অভিভাবকেরা অসহায় হওয়ায় বাধ্যতামূলকভাবে তাঁদের এ টাকা দিতে হচ্ছে।’ জেলা শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. লুৎফর হায়দার বলেন, ‘দুই হাজার ৯৫০ টাকা নিয়েছি। যেসব মেয়ে উপবৃত্তি পায় না তাদের বেতন দিতে হয়। তা ছাড়া, বোর্ডে যাতায়াত খরচ, সেশন ফি ইত্যাদি বিষয়ের ফিও নিতে হয়। অনেকের ভর্তুকি দিয়েও ফরম পূরণ করতে হচ্ছে।’ জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, ‘খোঁজ নিয়ে বিষয়টি যাচাই করে দেখব। আর কেন্দ্র ফি আলাদা দিতে হয়।’