এসএসসির ফল জানার আগেই লাশ মিলল হিরার
হিরা মিম ওরফে বাবু এবারের এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়েছে। কিন্তু পরীক্ষার এই ফল আর জানা হলো না তার। এর আগেই বৃহস্পতিবার বেলা একটার দিকে রংপুর শহরের পীরজাবাদ সুলতান মোড় এলাকায় খালুর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
হিরা মিম (১৫) রংপুর শহরের কেরানীপাড়ার মোহর আলীর ছেলে। সে রংপুর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল (বাংলা) থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, হিরার বাবা মোহর আলী ও মা রংপুরে থাকেন না। মোহর আলী ঢাকায় ব্যবসা করেন। হিরা খালু মঞ্জুরুল ইসলামের বাসায় থেকে লেখাপড়া করত।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হিরার খালু ছেলেটি যে ঘরে থাকতো সেটির বাইরে থেকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে খাটের ওপর হিরার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা থেকে তার মা-বাবা বৃহস্পতিবারই রংপুরে ছুটে যান। হিরার বাবা অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরাও বুঝে উঠতে পারছি না। হিরা রাতে ঘরে এসে ঘুমিয়েছিল। আমরা এর বেশি কিছু জানি না।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, হিরার কপাল, ডান চোখ ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।