মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। বিকেলে বিদ্যালয়সংলগ্ন নাকোল বাজার চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
পঞ্চগ্রাম সুশীল সমাজের ব্যানারে স্থানীয় পাঁচটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ মানুষ মানববন্ধন করেন। এ সময় নাকোল বাজার বণিক সমিতি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করে।
মানববন্ধনে জানানো হয়, শতবর্ষের এ বিদ্যাপীঠে এখন কোচিং বাণিজ্য চলছে। এটি কোচিং সেন্টারে পরিণত হয়েছে। দিন দিন বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, কিন্তু শিক্ষার মান নিচের দিকে নামছে।
পঞ্চগ্রাম একতা সংঘের ক্রীড়া সম্পাদক শিকদার কুতুব উদ্দিন বলেন, ‘রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়টি আমাদের গর্ব। শতবর্ষের এ বিদ্যাপীঠের অবস্থা এখন করুণ। শিক্ষাব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে একজনও জিপিএ-৫ পায়নি। এটা অত্যন্ত হতাশাজনক ও লজ্জার। যে কারণে আমরা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করছি।’
মির্জা আতোয়ারুজ্জামান নামের এক অভিভাবক বলেন, ‘অযত্ন আর অবহেলায় আমাদের গর্বের প্রতিষ্ঠানটি ডুবতে বসেছে। বিদ্যালয়ে কোচিং বাণিজ্য এবং গাইড বইয়ের ব্যবসা বন্ধ করতে হবে। পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তা না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখব।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল হক বলেন, ‘এ বছর এসএসসিতে পরীক্ষা দিয়েছিল ১৪৮ জন। পাস করেছে ১০৮ জন। তেমন মেধাবী ছাত্র ছিল না। তাই কেউ জিপিএ-৫ পায়নি। যশোর বোর্ডের ফলও এবার খারাপ। যে কারণে বিদ্যালয়ের ফল তুলনামূলক খারাপ হয়েছে। তবে বিপর্যয় হয়নি। নানামুখী চাপের কারণে কিছু শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তারা কেউ পাস করেনি। ফলে পাসের হার কমেছে। শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছি।’