এসএসসি পরীক্ষার ফল সংশোধনের দাবিতে গতকাল রোববার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পদুরবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তাগাছা-জামালপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় উপজেলার আর কে মডেল উচ্চবিদ্যালয়ের ৮৩ জন ও পদুরবাড়ি উচ্চবিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। গত বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা যায়, ওই দুই বিদ্যালয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের পরীক্ষা ভালো হয়েছিল। সবাই ফেল করার কথা নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো গাফিলতির কারণে সবার অকৃতকার্য হওয়ার ফল এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফল সংশোধনের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে পদুরবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মুক্তাগাছা-জামালপুর সড়কের পদুরবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টার বেশি সময় পর মুক্তাগাছা থানার পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন, মুক্তাগাছা আসনের সাংসদ সালাহউদ্দিন আহমেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ফল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।
কেন্দ্র সচিব ও নরেন্দ্র নারায়ণ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ সরকার বলেন, ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় ওই সব শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে। বিষয়টি সমাধানের জন্য কারিগরি বোর্ডে যোগাযোগ করা হচ্ছে।
ইউএনও বলেন, সফটওয়্যারের ত্রুটির কারণে এ রকম ফল হয়েছে। দুটি প্রতিষ্ঠানের শিক্ষকেরা বোর্ডে যোগাযোগ করছেন। আশা করা যায় শিক্ষার্থীদের সঠিক ফল পাওয়া যাবে। যদি শিক্ষকদের ত্রুটির কারণে ফল না পাওয়া যায়, তাহলে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, একটি দুষ্কৃতকারী চক্র উসকানি দিয়ে সড়ক অবরোধ করিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে।