এসএসসির ফলাফল শিটের জন্য ১০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফলের শিট বাবদ স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের শিট বিতরণ করা হয়। এ সময় উপজেলা সদরের মির্জাপুর এসকে পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমানের সামনেই প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হয়। এই টাকা মো. শহিদুর রহমান ও রফিকুল ইসলাম খান নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, উপজেলায় ৫২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসা রয়েছে। উপজেলার দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান নিয়াজী ও হিলড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া বলেন, তাঁরা শিট বাবদ ১০০ টাকা করে দিয়েছেন। অভিযোগ সম্পর্কে রফিকুল ইসলাম খান বলেন, জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পিয়ন খরচ বাবদ এক হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি বিষয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলতে পারবেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ফলাফলের শিট আনার সময় কেন্দ্রের খরচ বাবদ ৮৫০ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা অফিস ও যানবাহন খরচ বাবদ নেওয়া হয়েছে।