এসকেএফ কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গত মঙ্গলবার টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফের কারখানা পরিদর্শন করেছেন। কারখানায় ড্যান ডব্লিউ মজীনাকে শুভেচ্ছা জানিয়ে এসকেএফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমীন হোসেন বলেন, ‘রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পেরে এসকেএফ আনন্দিত। আমরা সানন্দ চিত্তে তাঁকে জানাতে চাই, এই কারখানায় আন্তর্জাতিক গুণ ও মানের ওষুধ প্রস্তুত করা হয়। ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে ইউকেএমএইচআর, ভিএমডি ইউকে ও টিজিএ অস্ট্রেলিয়ার সিজিএমপি নির্দেশনা যথাযথভাবে মেনে চলা হয়। এ ছাড়া পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও আমরা অঙ্গীকারবদ্ধ।’ সিইও বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ও ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান হিসেবে আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করছি এবং উন্নয়নে ভূমিকা রাখছি। দেশের চাহিদা পূরণ করে আমাদের তৈরি ওষুধ ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়াসহ বিশ্বের ১৯টি দেশে রপ্তানি করি।’কারখানা পরিদর্শনের সময় মজীনাকে ওষুধ প্রস্তুত প্রণালি, মান নিয়ন্ত্রণ ও কর্মীদের নিরাপত্তাসহ নানা বিষয় তুলে ধরা হয়। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, ‘আমার বিবেচনায় বাংলাদেশ এশিয়ার ভবিষ্যৎ ব্যাঘ্র, আর সেটির বাস্তবতা এখানেই।’ বিজ্ঞপ্তি।