এসকেএফ তৃতীয় জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এসকেএফ তৃতীয় জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উত্সবের আগে গতকাল বেলা ১১টায় বিতার্কিকদের শোভাযাত্রা । প্রথম আলো
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এসকেএফ তৃতীয় জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উত্সবের আগে গতকাল বেলা ১১টায় বিতার্কিকদের শোভাযাত্রা । প্রথম আলো

‘ধমনিতে যুক্তির লাল চঞ্চলতা’ স্লোগান নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে শুরু হয়েছে এসকেএফ তৃতীয় জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব-২০১৪। গতকাল শুক্রবার সকালে দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (সিএমসিডিসি) যৌথ উদ্যোগে বিতর্ক উৎসবের আয়োজন করেছে। এর সার্বিক সহযোগিতায় রয়েছে এসকেএফ বাংলাদেশ লিমিটেড।
গতকাল সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, এনডিএফবিডির কো-চেয়ারম্যান শরিফুল আনোয়ার, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি সালমান মাহমুদ সিদ্দিকী রাফজান, এসকেএফ বাংলাদেশ লিমিটেডের চিকিৎসাবিষয়ক শাখার ব্যবস্থাপক মো. মুরাদ হোসেন প্রমুখ।
এর আগে উৎসব উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি মেডিকেল কলেজ প্রদক্ষিণ শেষে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এসে শেষ হয়।
গতকাল বিতর্ক উৎসবের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দুপুরে নয়টি মেডিকেল কলেজের ১৪টি বিতর্ক দলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড ও কুইজ প্রতিযোগিতা, বিকেলে দ্বিতীয় রাউন্ড এবং সন্ধ্যায় রম্য বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্প ফায়ার।