এসকেএফের ইনসুলিন প্ল্যান্ট উদ্বোধন
রাজধানীর অদূরে এসকেএফের ‘হাইটেক ইনসুলিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট’-এর উদ্বোধন হলো গতকাল বৃহস্পতিবার। ডায়াবেটিস বা বহুমূত্র রোগীদের জন্য প্রয়োজনীয় ইনসুলিন উৎপাদন করা হবে এ কারখানায়। পরীক্ষামূলক উৎপাদনের পর আগামী অক্টোবর থেকে এখানে তৈরি ইনসুলিন বাজারজাত করা হবে।ডেনমার্কের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ যৌথভাবে এ প্ল্যান্টটি চালাবে। এতে ডেনমার্কের প্রযুক্তি ব্যবহার করা হবে। দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা গতকাল প্ল্যান্টটি উদ্বোধন করেন।এ সময় নোভো নরডিস্কের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লিসে কিংগো বলেন, ‘সারা বিশ্বে ডায়াবেটিস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও বহু মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। আমরা আক্রান্ত ব্যক্তিদের সেবায় সহায়তা করতে চাই।’ এসকেএফের সঙ্গে যৌথ উৎপাদনে যেতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।এশিয়ায় চীন ও ভারতের পর বাংলাদেশে এসকেএফের সঙ্গে যৌথ উৎপাদনে গেল নোভো নরডিস্ক। এটিকে নিজেদের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন এসকেএফের পরিচালক সিমিন হোসেন। তিনি বলেন, এটি একটি মাইলফলক। এসকেএফ সব সময় গুণগত মানে বিশ্বাসী। ইনসুলিন তৈরির ক্ষেত্রেও এসকেএফ বিশ্বমান বজায় রাখবে। নোভো নরডিস্কের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (আন্তর্জাতিক কার্যক্রম) জেসপার হইল্যান্ডও গুণগত মানের ওপর গুরুত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি এ কে আজাদ খান, নোভো নরডিস্ক ফার্মা অপারেশনের ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব শিশু এবং এসকেএফের মহাব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের পর কর্মকর্তারা কারখানাটি ঘুরে দেখেন। তাঁরা সমঝোতার স্মারক হিসেবে কারখানার সামনে তিনটি গাছের চারাও রোপণ করেন।প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান পাঁচটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির একটি এসকেএফ। এর টঙ্গীর কারখানাটি যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (ইউকে এমএইচআরএ) স্বীকৃতি লাভ করেছে। এটি এ শিল্পে সবচেয়ে কঠিন স্বীকৃতিগুলোর একটি।জেসপার হইল্যান্ডের সাক্ষাৎকার: অর্থ ও বাণিজ্য পাতায়