এসজিএস-এর নির্বাহী পরিচালকের প্রতারণার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সাউদার্ন গণ উন্নয়ন সমিতির (এসজিএস) নির্বাহী পরিচালক শেখ দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী নাজনীন দেলোয়ারের দুর্নীতি ও প্রতারণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মানববন্ধন করেছেন প্রতারণার শিকার লোকজন। একই সঙ্গে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, ২০১২ সালে এসজিএস-এর এইচআইভি ও ভিজিডি প্রকল্পে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী নাজনীন দেলোয়ার ৭০ জন তরুণ ও তরুণীর কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন। কিন্তু গত তিন বছরেও তাঁদের চাকরি না দিয়ে নানা টালবাহানা করেন। এ ঘটনায় প্রতারণার শিকার লোকজন গোপালগঞ্জ, খুলনা ও ঢাকায় দেলোয়ার হোসেন ও স্ত্রী নাজনীন দেলোয়ারের নামে বেশ কয়েকটি মামলাও করেছেন।
মানববন্ধন শেষে প্রতিবাদকারী তরুণ-তরুণীরা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দেন।
প্রতারণার শিকার আবুল হাসনাত ভূঁইয়া, হেলালউদ্দীন আহমেদ, মো. সারাহউদ্দিন বুলবুল, গনেশ বিশ্বাস, হালিমা খাতুনসহ প্রায় অর্ধশত ব্যক্তির স্বাক্ষর সংবলিত এ স্মারকলিপিতে দেলোয়ার ও তাঁর স্ত্রীর প্রতারণার বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার দাবি করা হয়।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে দেলোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।