এসডিও বাংলো বধ্যভূমি খননের আপাত-আদ্যোপান্ত
সম্প্রতি বগুড়ার রেলস্টেশনের দক্ষিণে এসডিও (রেলওয়ে) বাংলোতে একটি বধ্যভূমি উদ্ঘাটিত হয়েছে। আপনারা অনেকেই স্থানীয় বা জাতীয় দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে দেখে থাকবেন। বগুড়া শহরের একদম প্রাণকেন্দ্রে এই বধ্যভূমি অনুসন্ধান ও উন্মোচনের উদ্যোগ গ্রহণ করতে ৪৬ বছর লেগে গেল। প্রয়োজনীয় তথ্য ছিল ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’–এর ৮ম খণ্ডে। অথচ কেউ খেয়াল করেনি। কবিগুরু এ জন্যই বলেছিলেন, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া...’।
‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৫ খণ্ডে রচিত একটি দালিলিক প্রকাশনা। এ দলিলপত্র ইতিহাসবিদ অধ্যাপক মফিজুল্লাহ কবীর ও সাংবাদিক হাসান হাফিজুর রহমানের যৌথ নেতৃত্বে একটি প্রামাণ্যকরণ কমিটি কর্তৃক প্রণীত।
প্রায় তিন বছর হয় গেল বগুড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করছি। বগুড়ার মুক্তিযুদ্ধের ওপর যথেষ্ট প্রকাশনা না থাকায় এবং ইন্টারনেটে যথেষ্ট তথ্য-উপাত্ত না থাকায়, আমি আগ্রহী হই বগুড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে। ছুটে বেড়াই শহীদদের আত্মীয়স্বজনের খোঁজে, জানতে চাই শহীদদের সম্পর্কে। জীবিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করি, জানতে চাই তাঁদের যুদ্ধের ইতিহাস। বগুড়ার বধ্যভূমি ও গণকবরগুলো খুঁজে বের করি, চেষ্টা করি আরও একটু বেশি জানার। এ পর্যন্ত বগুড়ায় ৪৬টি বধ্যভূমি ও গণকবরের মধ্যে বেশির ভাগই যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে।
বগুড়ায় সবচেয়ে বড় বধ্যভূমি বলতে বগুড়ার লোকজন বাবুরপুকুর বধ্যভূমিকে অথবা নারুলি বধ্যভূমিকে বোঝেন। কিন্তু আমার মনে খটকা লাগে। মাত্র ১৪ জন বা ৩০-৪০ জন শহীদের বধ্যভূমিই যদি বগুড়ার সবচেয়ে বড় বধ্যভূমি হয়, তাহলে কি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা বগুড়ায় বড় ধরনের কোনো হত্যাকাণ্ড ঘটায়নি? অথচ আমরা পড়ে আসছি—বাংলাদেশের প্রতিটা ইঞ্চিই বধ্যভূমি। শুরু করি পড়াশোনা, চলে অনুসন্ধান।
ইতিমধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’–এর ৮ম খণ্ডটির ডাউনলোড লিঙ্ক পাই। ডাউনলোড করে পড়তে থাকি। উল্লেখ্য, ২০১৫ সালে ‘যুদ্ধদলিল’ প্রকল্প থেকে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ বইগুলো অনলাইনে ইউনিকোডে অবমুক্ত করে। সেই দলিলপত্র থেকে বগুড়ায় গণহত্যার তথ্যাদি খুঁজে বের করি। জানতে পারি, এসডিও (রেলওয়ে) বাংলোর পাতকুয়ায় ৪০০-৫০০ লাশ ফেলেছিলেন জনাব দশিন জমাদার। আমার মনে হলো, বিষয়টি অনুসন্ধান করা উচিত। নিজেই চলে যাই এসডিও (রেলওয়ে) বাংলোতে। দশিন জমাদারের বিবরণ মেলাতে চেষ্টা করি। কয়েক দিন স্থানীয় যুবকদের সঙ্গে আলাপ করি, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এসডিও (রেলওয়ে) বাংলোর পাতকুয়ায় ৪০০-৫০০ লাশ ফেলা ও হাড়-হাড্ডি থাকার সম্ভাবনা নিয়ে। কেউ পাত্তা দেয় না। তারপরও তাদের সহযোগিতা চাই স্থানীয় বৃদ্ধদের সঙ্গে আলাপ করার জন্য। কথা হয় কয়েকজন বৃদ্ধের সঙ্গে। তাঁরা কেউ তখন বগুড়ায় ছিলেন না, তাই কেউ কোনো তথ্য দিতে পারেননি। কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গেও এ বিষয়ে আলাপ করে সন্তুষ্ট হতে পারিনি। এসডিও (রেলওয়ে) বাংলোর সেই পাতকুয়ার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করি। চলতে থাকে অনুসন্ধান। একমাত্র স্থানীয় কাফি মামা বলেন, হ্যাঁ, এই পাতকুয়া খুঁড়লে হাড়গোড় পাওয়া যাবে। কাফি মামার বয়স একাত্তর সালে ৮-৯ বছর হয়তো ছিল। তাই, তাঁর ভাষ্য তেমন গুরুত্ব দিতে না পারলেও অনুসন্ধানের পালে একটু হাওয়া পাই।
একদিন ফেসবুকে বগুড়ায় তখন পর্যন্ত পাওয়া বধ্যভূমি ও গণকবরের লিস্ট পোস্ট করে জানতে চাই, বগুড়া সদরে সবচেয়ে বড় বধ্যভূমি কোনটি? টিকুল ভাই বলেন, ‘এসডিও বাংলো।’ আমি রেফারেন্স চাইলে, তিনি ভবেশ রায়ের ‘বাংলাদেশে গণহত্যার প্রামাণ্য দলিল’ নামে একটি বইয়ের নাম উল্লেখ করেন। সেদিনই সন্ধ্যায় তাঁর বাসায় গিয়ে বাহাত্তর সালে প্রথম প্রকাশিত ‘ঘুণে ধরা’ বইটি সংগ্রহ করি। সেখানে পড়ে দেখি সেই দশিন জমাদারের একই বর্ণনা। তখন একটু মনোবল বাড়ল। আসুন দেখি, ১৯৭২ সালের ২ এবং ২০ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত দশিন জমাদারের সাক্ষাৎকারভিত্তিক লেখাটিতে কী ছিল—

এসডিও বাংলো বধ্যভূমি
বগুড়া রেলওয়ে স্টেশনের বিপরীতে এসডিও বাংলোটা সম্পূর্ণ সামরিক দস্যুদের হাতে ছিল। বগুড়া শহর মুক্ত হওয়ার আগ পর্যন্ত বাংলোতে কোনো দেশপ্রেমী বাঙালি বা মুক্তিসেনা প্রবেশ করতে পারেনি। আত্মসমর্পণের আগ পর্যন্ত পাকিস্তানিরা এসডিও বাংলোকে কসাইখানা হিসেবে ব্যবহার করেছিল।
সাধারণ মানুষকে ধরে আনত রাজাকার ও পাকিস্তানি সেনারা। তারপর তাদের জবাই করে হত্যা করা হতো। বাংলোসংলগ্ন একটা বড় কূপ ছিল। মানুষ হত্যার পর মৃতদেহগুলো ওই কূপে ফেলে দেওয়া হতো। এই বাড়ির দোতলায় ও আউট কিচেনে সাধারণ মানুষদের হত্যা করা হতো। তবে আউট কিচেনে সবচেয়ে বেশি নরহত্যা হতো, কারণ, কিচেন থেকে কূপটির ছিল মাত্র ২০ গজ দূরে। ঘাস আর জঙ্গলে পূর্ণ এ বাড়িতে পাকিস্তানি সেনারা ও তাদের দোসররা নিরীহ মানুষদের হত্যা করে পৈশাচিক আনন্দ পেত। নিরীহ মানুষদের আর্তচিৎকার বাড়িটির বাইরে পৌঁছাত না।
বগুড়া রেলস্টেশনের সুইপার দশিন বর্ণনা দিয়েছিল সেই দিনকার নরমেধ হত্যাযজ্ঞের। এই বৃদ্ধ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৯ মাসের ৭ মাসই কাটিয়েছিল পাকিস্তানি সেনাদের হত্যা করা লাশগুলো নিয়ে। তিনি এসডিও বাংলোর হত্যাযজ্ঞের একজন নীরব সাক্ষী।
দশিন আরও বলেন, আমার হাতেই কমপক্ষে চার শ থেকে পাঁচ শ লাশ এই কুয়ায় ফেলেছি। জল্লাদেরা তাকিয়ে তাকিয়ে দেখত, আমি কী করি। আমি লাশগুলো পুঁতে রাখতে চাইতাম কিন্তু ওরা দেয় নাই। ওরা আমাকে বলত, ‘তু শালা হিন্দু হ্যায়। অ্যায়সা দরদ কিউ লাগতা হ্যায়!’। পাকিস্তানি সেনারা তাদের দোসরদের সহায়তায় নিরীহ বাঙালিকে ধরে এনে হাত বেঁধে মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দিত। তারপর তাদের পেটে চাকু ঢুকিয়ে বা জবাই করে হত্যা করত। অনেককে আবার পেছন দিক থেকে ঘাড়ে ছোরা বসিয়ে জবাই করত। তাদের কাউকে কাউকে আবার নানাভাবে নির্যাতন করে হত্যা করা হতো। নিরীহ মানুষদের অনুরোধ, কান্নাকাটি কিছুতেই মন গলত না পাকিস্তানি সেনাদের। এসডিও বাংলোর দোতলাটি ছিল বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে এত মানুষ মারা হয়েছে যে দেয়ালে ও মেঝেতে রক্ত জমাট বেঁধে ছিল। রক্ত জমতে জমতে এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে কোদাল দিয়ে মাটি কাটার মতো করে রক্তগুলো পরিষ্কার করতে হয়েছে। রক্ত দিয়ে হোলি খেলার জন্যই বোধ হয় নরপশুরা এমনটি করত। রেলস্টেশন ও এসডিও বাংলোর আশপাশে নিরীহ মানুষদের অগণিত লাশ নিষ্ঠুরতার সাক্ষ্য বহন করেছে সেই সময়। রেলস্টেশনের পাশে পার্ক রোড–সংলগ্ন একটি ড্রেনে বাঙালিদের হত্যা করে ফেলে রাখা হতো। এসডিও বাংলোর পূর্ব দিকের মাঠটায়ও অনেক নিরীহ মানুষের লাশ পুঁতে রাখা আছে। এই বাংলোর প্রতিটি ঘরের দেয়াল ও মেঝে মানুষের রক্তে ভেজা কাপড়-জামাসহ ব্যবহৃত অন্যান্য উপকরণে লাল হয়ে ছিল।

দশিন জমাদার
বগুড়া রেলওয়ে স্টেশনের একজন সুইপার। বয়স ৭০ বছরের বেশি। এই বৃদ্ধ তাঁর সাতটি মাস কাটিয়ে দিয়েছেন বর্বর পাকিস্তানি দস্যুদের হত্যা করা লাশ সরিয়ে। দস্যুদের হত্যাযজ্ঞের তিনি একজন নীরব সাক্ষী। তিনি বলেন, ‘আমি পূর্বে আরও মোটাসোটা ছিলাম স্যার। আমি লাল টকটকে ছিলাম। কিন্তু বগুড়া স্টেশনের আশপাশের বাঙালি ভাইদের রক্ত দেখে দেখে আমি খুব রোগা হয়ে গেছি। আমার শরীরে আগের মতো মাংস নেই। আপনিই বলুন, একজন মানুষ শত শত রক্তমাখা লাশ সরালে আর কী করে বাঁচার আশা রাখে! জীবন নিয়ে খেলা হয়েছে সাহেব। আপনারা কিছুই জানেন না। আমি কেমন করে বেঁচে আছি জানি না—ওরা কত জবাই করেছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। মুক্তি আর ইন্ডিয়ার সৈন্য আমাদের রক্ষা করল হুজুর।’ বগুড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে একটি বদ্ধ কূপ দেখাতে গিয়ে সুইপার দশিন কথাগুলো বলছিলেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বগুড়া রেলওয়ের এসডিও সাহেব পরিবারসহ প্রথম আসেন তাঁর বাংলোতে। পাকিস্তানি বাহিনীর আমলে তাঁর বাংলোটা সম্পূর্ণভাবে সামরিক দস্যুদের হাতে ছিল। তারা এই দোতলা বাড়ি ব্যবহার করত কসাইখানা হিসেবে। নিরীহ বাঙালিদের পাকিস্তানি দস্যু আর তার সহযোগীরা ধরে আনত, তারপর এই বাড়িতে জবাই করা হতো, বাড়ির সংলগ্ন একটা বৃহৎ কূপে হত্যা করার পর মৃতদেহ ফেলে দেওয়া হতো। বাড়িটার আউট কিচেনে সবচেয়ে বেশি হত্যা করা হতো বলে মনে হয়। কারণ, এখান থেকে কূপটি মাত্র ২০ গজ দূরে। বাড়িটির চারদিকে দীর্ঘ ৯ মাস ঘাস আর জঙ্গলে প্রায় ভর্তি হয়ে ছিল। পাকিস্তানি বাহিনীরা সেগুলো পরিষ্কার করত না। কারণ, জঙ্গলের মধ্যে এই রকম একটি বাড়িতে তাদের বাঙালি নিধনের নেশা খুবই বেড়ে যেত। শুধু তা–ই নয়, বর্বর পাকিস্তানি সেনারা এই বাড়িতে মদ আর জুয়ার আড্ডাও বসাত। দিনরাত তারা এখানে আসর জমাত নির্বিঘ্নে। ওদের কেউ বাধা দিতে পারেনি। রক্তের নেশায় বর্বররা হন্যে হয়ে বাঙালিদের খুঁজে আনত।
জানতে চাইলাম, আপনার সামনেই কি ওরা হত্যা করত? বৃদ্ধ দশিন বলে চলছিলেন, কী বলেন সাহেব! আমাকে ওরা ভয় পেত না। প্রথমে বাঙালিকে ধরে আনত, তারপর হাত বেঁধে মুখের ভেতর কাপড় গুঁজে দেয়। এরপর হয় পেটের ভেতর চাকু মারে, না হয় জবাই করে। কোনোটার আবার পেছন দিক থেকে ঘাড়ে ছুরি বসিয়ে জবাই করত। ওদের দয়া নেই। কান্নাকাটি, অনুরোধ—কিছুই শোনেনি। কত বাঙালি যে কাঁদত হুজুর, কী করব। মিলিটারিরা খুশিমতো মানুষকে গুলি করত। তারপর আমাকে বলত, ‘ইছি কি হঠাদো।’ আমি বাধ্য হয়ে কাজ করেছি হুজুর। কিন্তু ওরা আমাকেও ছাড়ে নাই। রেলস্টেশনের বাঙালিদের আমি আগেই বলতাম, তোমরা সরে যাও। আমি ওদের এই দিকে আসতে দিইনি। গোপনে গোপনে আমি অনেক বাঙালি সাহেবকে সাবধান করেছি। কিন্তু মিলিটারিরা এটা জানতে পেরে আমাকে সন্দেহ করে ঘাড়ে রাইফেল দিয়ে মারে। শুধু লাশ সরাবার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিল। ওরা হুজুর বড় বড় সাহেবকেও জবাই করেছে, গুলি করেছে। পাশে পার্ক রোডের একটি ড্রেন দেখিয়ে বলল, এখানে তিনটা, ওখানে একটা, এই রকম অনেক সাহেবের লাশ এই ড্রেনেই আছে হুজুর। ওরা ভালোভাবে পুঁতে রাখতেও আমাকে দেয়নি। আমাকে সন্দেহ করে খুব মারত, তার ওপর আমার চাকরি নষ্ট করে দিল সাহেব। কয়েক মাস ধরে না খেয়ে আছি।

ঝাড়ুদার দশিন পাকিস্তানের বর্বরদের বুলেটের সামনে না খেয়েই দিন কাটিয়েছে। চাকরিতে পুনর্বহালের কথা সেদিন মুখে আনতে পারেনি। তাঁর দৃঢ়বিশ্বাস ছিল, যারা এমনিভাবে শত শত মানুষকে হত্যা করতে পারে, তাদের এক মুঠো ভাতের অভাবে এক গরিবের জন্য চিন্তা করার সময় কোথায়? বগুড়া রেল এসডিও বাংলোর পূর্বদিকের মাঠটা এখন কবরস্থানে পরিণত হয়েছে। বগুড়া শত্রুমুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এই বাংলোর প্রতি ঘরের মেঝে আর দেয়ালে মানুষের রক্তে ভেজা বহু কাপড়, জামা ইত্যাদি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। বাংলোর ওপরতলার হাউসে বর্বরতার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায়। এই হাউস ছিল সম্পূর্ণ মানুষের রক্তে ভরা। রক্তগুলো জমা হয়ে ক্রমশ জমাট বেঁধে যায়। কোদাল দিয়ে মাটি কাটার মতো জমাট বাঁধা রক্ত কেটে এই হাউস পরিষ্কার করা হয়েছে। জবাই করা মানুষের রক্তের স্রোত দেখার জন্যই বোধ হয় হাউসে রক্ত জমা করত। রক্ত দেখেই হয়তো রক্তপানের তৃষ্ণা জল্লাদের বাড়ত বেশি। বগুড়া রেলস্টেশন আর স্টেশন–সংলগ্ন রেললাইনের আশপাশে কত নিরীহ বাঙালিকে যে পাকিস্তানি সেনা আর তার সহযোগীরা হত্যা করেছে, হিসাব নেই। কত নিরীহ মানুষ যে এই দস্যুদের হাতে প্রাণ দিয়েছেন, আর একান্ত অসহায়ভাবে মৃত্যুকে মেনে নিয়েছেন, কেউ বলতে পারে না। বগুড়ায় পাকিস্তানি দস্যুরা বাঙালিদের ধরে বলত, ‘ইছিকো খরচ খাতা মে (মৃত্যু খাতা) উঠা দো।’ বোধ করি রেলস্টেশন এবং তার আশপাশের নিষ্ঠুর বর্বরতা আর হত্যাযজ্ঞের দ্বারাই তাদের খরচের খাতা পূর্ণ হয়ে গেছে। (সংবাদ, ২ ও ২০ ফেব্রুয়ারি, ১৯৭২, যুদ্ধদলিল: ৮ম খণ্ড পৃষ্ঠা: ৪২৬-৪২৯)।
২০১৭ সালের মার্চ মাস। টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বগুড়া প্রতিনিধি জুয়েল ভাই তখন মুক্তিযুদ্ধসংক্রান্ত প্রতিবেদন করতে আগ্রহী। তাঁকে ভবেশ রায়ের ‘বাংলাদেশে গণহত্যার প্রামাণ্য দলিল’ বইটি দিয়ে দশিন জমাদারের সাক্ষাৎকারটি দেখাই। উনিসহ আবার যাই এসডিও বাংলোতে। সব মিলিয়ে দেখার পর জুয়েল ভাই আমাকে নিয়ে তৎকালীন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন সাহেবের কাছে যান। বইটি দেখান এবং খননকাজের মাধ্যমে দশিন জমাদার সাহেবের ভাষ্যের সত্যতা যাচাই করতে অনুরোধ করেন। খননকাজের জন্য আমরা একটি আবেদনপত্র জমা দিই জেলা প্রশাসক বরাবর। ২০১৭ সালের ২০ মার্চে জুয়েল ভাই ডিবিসি চ্যানেলে এই বধ্যভূমি নিয়ে একটা প্রতিবেদন প্রচার করেন।
তৎকালীন জেলা প্রশাসক এ বিষয়ে সহায়তা করতে সদয় সম্মতি দেন এবং তথ্যানুসন্ধান কমিটি করেন। একসময় তাঁর বদলি আদেশ চলে আসায় তিনি অন্যত্র চলে যান। বগুড়ার নতুন জেলা প্রশাসক হিসাবে যোগ দেন নূরে আলম সিদ্দিকী। এর মধ্যে আমরা খোঁজ নিয়ে জানতে পারি, আমাদের আগের করা আবেদনপত্রটি পাওয়া যাচ্ছে না। তাই আবার আমরা নতুন আবেদনপত্র করে নতুন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকীর কাছে ভবেশ রায়ের বইটি নিয়ে যাই। আগের টিভি প্রতিবেদন দেখান জুয়েল। জেলা প্রশাসক বইটি পড়ে এবং ভিডিও ক্লিপ দেখে বলেন, আমাদের আরও যুক্তিযুক্ত তথ্য অথবা প্রত্যক্ষদর্শী প্রয়োজন। আমি বললাম, স্যার, যুক্তিযুক্ত তথ্য আপনার শোকেসের মধ্যেই আছে।
উনি বললেন, মানে? কোথায়?
আমি বললাম, ওই যে স্যার, যুদ্ধদলিল (সংকলনটির প্রকৃত নাম ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’)। ওখানেই পাবেন।
উনি বললেন, তাই নাকি? দেখান দেখি।
এরপর শোকেস থেকে ৮ম খণ্ডটি হাতে নিই। তখন আমার হাত কাঁপছিল। কারণ, এর আগে আমি কখনো ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ দেখি তো নাই-ই, নেড়েচেড়ে খুঁজে বের করা তো দূরের কথা। ৪২৮-৪২৯ নম্বর পৃষ্ঠা বের করে তাঁর দিকে এগিয়ে দিলাম। উল্লিখিত দশিন জমাদারের সাক্ষাৎকারটি পাঠ করার পর বগুড়ার জেলা প্রশাসক সেই দিনই আলোচ্য পাতকুয়া পরিদর্শনে যাবেন বলে আশ্বাস দেন।

কী আশ্চর্য, তিনি সত্যি সত্যিই সেদিন বিকেলেই গেলেন এসডিও বাংলো পরিদর্শনে। পরিদর্শন শেষে সব দিক বিবেচনা করে, নিজে আশ্বস্ত হয়ে, আমাদেরকেও আশ্বস্ত করে বললেন, খনন করা হবে। এক অদ্ভুত ভালো লাগা ঘাড় বেয়ে নিচে নেমে গিয়েছিল তখন। আমাদের সঙ্গে তখন ছিলেন বাবু ভাই, সুজন ভাইসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী।
তখন আবার জুয়েল ভাই ডিবিসি চ্যানেলে এই বধ্যভূমি নিয়ে আরেকটি প্রতিবেদন প্রচার করেন।
এরপর আরও দু–তিনবার জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হয় এবং উনি ২০১৭ সালের ১৪ ডিসেম্বর খননের তারিখ ঠিক করেন। সময় ঠিক করা হয় সকাল আটটায়।
স্বাধীনতার ৪৬ বছর পর বগুড়ায় একটি বধ্যভূমি খনন হবে আর বিশিষ্ট ডকুমেন্টারি নির্মাতা কাওসার চৌধুরী সাহেবের ‘বধ্যভূমিতে একদিন’ নামক ডকুমেন্টারিতে সে ইতিহাস থাকবে না, তা আমি হতে দেব কেন? ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে তাঁকে খননকাজ শুরুর বিষয়টা অবহিত করি। উনি ১২ ডিসেম্বর ঢাকা থেকে রওনা দিয়ে ১৩ ডিসেম্বর সকালে বগুড়ায় পৌঁছান।
১৪ ডিসেম্বর ২০১৭। শহীদ বুদ্ধিজীবী দিবস শুরু হতেই রাত ১২টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা প্রদর্শন করে কিছুক্ষণ ঘুমিয়ে সকাল আটটার আগেই পৌঁছালাম এসডিও বাংলোতে। শীতের আমেজে হালকা কুয়াশার চাদরে মোড়া সকাল। শ্রদ্ধেয় কাওসার চৌধুরীর দলের লোকজন বিভিন্ন অ্যাঙ্গেলে অবস্থান নিয়েছেন চিত্রায়ণের জন্য। একে একে লোকজন আশা শুরু করলেন। পরিচিত যাঁরা, তাঁদের কৃতজ্ঞতা জানালাম আসার জন্য। জুয়েল ভাই এলেন, টিকুল ভাই এলেন, তিনজন মুক্তিযোদ্ধাসহ এলেন আমান ভাই, আরশাদ স্যার। রনি ভাই এল, এল বাল্যবন্ধু সৈকত, ‘বাবুই’ থেকে এল একঝাঁক পাখি, এলেন মুক্তিযোদ্ধা কাদের ভাই। ইতিমধ্যে অনেক সাংবাদিক ভাই আসা শুরু করেছেন। সুজন ভাই, রাহি ভাই, বাবু ভাইসহ অনেকে। প্রেসক্লাব থেকে শংকরদা, নয়ন ভাই, মোহন ভাই, ছুটু আপা (আগের দিন এ খনন নিয়ে ছুটু আপার লেখা প্রকাশিত হয়েছিল দৈনিক করতোয়ায়)। (দুঃখিত, এ মুহূর্তে অনেকের নাম মনে পড়ছে না)। কয়েকজন মুক্তিযোদ্ধাসহ ঢুকলেন বগুড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমীন, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন। এলেন বগুড়ার মেয়র এ কে এম মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন।
জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী সাহেব তখনো আসেননি। চলছে কথার ফুলঝুরি। কেউ কেউ তো বলেই বসলেন, এখানে কিছু নেই। ৪০০-৫০০ লাশ এখানে কোত্থেকে আসেবে? দু–একটা থাকতে পারে, হয়তো পেট খারাপ হয়ে মরছে, ফেলে দিসে এখানে। এসব তথ্য তোমরা কোত্থেকে পাও? কেউ একজন বললেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’তে লেখা আছে। বললেন, আরে দূর, সব ভুয়া। তখন কে কী বলসে না বলসে, কী ছাপাইসে না ছাপাইসে, ঠিক আছে নাকি? সব জায়গা দখলের ধান্দা। বললেন আরও অনেক কিছুই। আবহাওয়া তখন থমথমে। ইতিমধ্যে ৩০০-৩৫০ লোকজনের সমাগম।
যাক, একসময় জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী এলেন, সঙ্গে আমিরুল ইসলাম সাহেব ও আবদুস সামাদ সাহেব। কিন্তু যারা খুঁড়বে, তারাই তো নেই। শেষমেশ গাড়িতে করে কয়েকজন কামলাকে ধরে নিয়ে আসা হলো। সত্যি, এ কামলাদেরও ভাগ্য বটে।
যাক গে, থমথমে আবহাওয়ার মধ্যে মাইক্রোফোন হাতে এগিয়ে এলেন শ্রদ্ধেয় কাওসার চৌধুরী সাহেব। ডিসি সাহেব, পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবসহ একে একে জুয়েল ভাই, মমতাজ সাহেবের বক্তব্য নিলেন। শেষে বললেন, ‘আমরা জানি না, এটা খুঁড়লে কিছু বের হবে কি না, যদি কিছু বের হয়, তো ভালো। আর যদি কিছু বের না–ও হয়, তাতেও কোনো কিছু আসে যায় না এই জন্য যে, উদ্যোগটাই বড়। স্বাধীনতার ৪৬ বছর পর আজকে যে উদ্যোগ, আজকের যে আবেগ, আজকের যে অনুভূতি, সেটিই আমাদের কাছে বড়।’
শুরু হয় খনন। ১৪ ডিসেম্বর ১০-১১ ফুট খনন করা সম্ভব হয়। আমরা সারা দিন অধীর আগ্রহে অপেক্ষা করলাম আলামতের জন্য। ১৫ ডিসেম্বর চলল খনন। ২০-২১ ফুট পর্যন্ত খোঁড়া হয়। ১৬ ডিসেম্বরেও চলে খননকাজ। খোঁড়া হয় ২৯-৩০ ফুট। যদিও আমরা এত ওপরে কোনো আলামত পাওয়ার ব্যাপারে অতটা আশাবাদী ছিলাম না, তবু দুইটা হাড্ডি পেলাম, কিছু লোহাসদৃশ জিনিস। আমাদের ধারণা, ওগুলো ১৯৭১ সালের কোনো আলামত নয়।
১৭ ডিসেম্বর কোনো এক অশুভ হাতের ইশারায় কাজ বন্ধ হয়ে যায়। জুয়েল ভাই বিভিন্ন জায়গায় ফোন করে খননকাজ স্থগিতের কারণ জানতে চান। গ্রহণযোগ্য কারণ না পাওয়ায় আবার ডিসি সাহেবের শরণাপন্ন হলাম দুজন। উনি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বললেন। এসডিও বাংলোতে বধ্যভূমির খোঁজে খননকাজ কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে পরামর্শের জন্য এসডিও বাংলোর পাতকুয়া পরিদর্শন করতে বলেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের এডি সাহেব চলে যান এসডিও বাংলোতে। আমরাও যাই। ঠিক হয়, ওনারা খননকারীর নিরাপত্তার জন্য সব সময় প্রয়োজনীয় সরঞ্জামসহ লোক রাখবেন। পৌরসভা থেকে জানানো হয়, ২৩ ডিসেম্বর খননকাজ শুরু হবে। আবার কোনো এক অজানা কারণে খননকাজ শুরু হলো না। আবারও জুয়েল ভাই দৌড়াদৌড়ি শুরু করলেন, সঙ্গে আমি ও বাবু ভাই। আবারও ডিসি সাহেবের কাছে ধরনা দিলাম।
অতঃপর ২০১৭ সালের ২৬ ডিসেম্বর আবার কাজ শুরু হলো। ফায়ার সার্ভিসের লোক প্রথমে পরীক্ষা করে নিলেন নিচে অক্সিজেনের ঘাটতি আছে কি না। নাহ্, তেমন কোনো সমস্যা নেই। এরপরও ‘ব্লো’ করে অক্সিজেন দেওয়া হলো। এরপর খননকারীরা নিচে নামলেন। কিন্তু দুপুরে খবর পেলাম, খননকারীরা কাজ করছেন না। আবার দৌড়ে গেলাম। তেমন কোনো কাজ হয়নি। জানতে পারলাম, মাটি একটু নরম ও স্যাঁতসেঁতে লাগার কারণে এবং শ্বাস নিতে অসুবিধা হওয়ায় খননকারীরা ভয় পেয়ে আর নিচে নামতে চাচ্ছেন না। আবার পাতকুয়ার পাড় ভেঙে পড়ে কি না—এই ভয়ে তাঁরা আর কাজ করছেন না। জুয়েল ভাই এলেন। আমি মই বেয়ে নিচে নেমে গেলাম। হ্যাঁ, মাটি একটু নরম বটে, তবে তাতে ভয়ের কিছু আছে বলে আমার মনে হয়নি। শ্বাস নিতেও কোনো কষ্ট হচ্ছিল না। আর এই পাতকুয়ার ব্যাস ৩.৫ ফুট, যার গাঁথুনি দেখে মনে হয়েছে যথেষ্ট শক্ত। ভেঙে পড়ার কোনো আশঙ্কা আছে বলে মনে হয় না। যাক গে, বুঝে গেলাম, সাধারণ খননকারী দিয়ে আর কাজ হবে না।
আবার ডিসি স্যারের সঙ্গে মতবিনিময়। ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আর জুয়েল ভাই গেলাম কলোনিতে। সাহসী খননকারী খুঁজতে। কয়েকজনের সঙ্গে আলাপ করলাম, আমাদের কাজের ধরন বললাম। একজন রাজি হলেন, নাম মোশাররফ। তাঁদের কাজের সময় ও মজুরি জেনে ডিসি স্যারকে জানানো হলো। অপেক্ষা করতে লাগলাম অনুমতির।

২০১৮ সালের ৫ জানুয়ারি (শুক্রবার) আবার শুরু হয় কাজ। সকালবেলা খননকারী মোশাররফ চলে আসেন, সঙ্গে একজন নারী ও একজন পুরুষ। আমি একটু দমে গেলাম। তিনজন কীভাবে কাজ করবেন? যাক, ওঁদের কাজের জন্য বস্তা ও দড়ি কিনতে ক্যাল্যার বাজারে না পেয়ে রাজাবাজার গেলাম। ওঁদের নাশতার খরচ দিয়ে অপেক্ষা করতে লাগলাম ফায়ার সার্ভিসের লোকজনের জন্য। সাড়ে ১০টার পর কাজ শুরু হয়। নরম মাটি খুঁড়তে খুঁড়তে একসময় প্রচুর ইট উঠতে থাকল। ৩২-৩৩ ফুট খোঁড়ার পর ছোট-বড় কিছু হাড্ডি উঠতে থাকে। কিছু পেলে নিচ থেকে মোশাররফ বলে দেয়, এইবার জিনিস যাচ্ছে। ওপরের লোকজন তন্নতন্ন করে খুঁজে বের করে আলাদা করে রেখে দেয় সেই আলামত। আমরা নিশ্চিত, এগুলো মুক্তিযুদ্ধের সময়ের হাড়।
৬ জানুয়ারি খননকাজ শুরু হয়। সকালে মোশাররফদের সঙ্গে দেখা করে, তাঁদের প্রয়োজন মিটিয়ে দুজনের হাত দেখলাম, ফোসকা পড়ে ফেটে গেছে। তারপরও এঁরা কাজ করবেন। করুন, আমি অফিসে চলে গেলাম। ফোন এল, ওঁরা কাজ করতে পারছেন না, কিছু লোকাল ছেলে ঝামেলা করছে, আর আলোর স্বল্পতার জন্য কাজ করা যাচ্ছে না। গেলাম। ততক্ষণে ছেলেপেলেরা কেটে পড়েছে। এসডিও বাংলোতে যারা ছিল, তারা ফায়ার সার্ভিসের লোকজনকে লাইট জ্বালাতে ইলেকট্রিক লাইন দিচ্ছিল না। আমি কারণ জানতে চাইলে বলল, গত মাসে ইলেকট্রিক বিল বেশি এসেছে, তাই লাইন দিতে পারবেন না। আমি বললাম, খরচ দিচ্ছি, লাইনটা দেন। বলল, ‘না’। বুঝে গেলাম, এদের সঙ্গে কথা বলা বৃথা। এরপর রেলস্টেশনের বিদ্যুৎ বিভাগের প্রধান কর্মকর্তাকে ফোন দিলাম। কাজের কথা বললাম। উনি নিজেই চলে এলেন। সব দেখে লাইনের ব্যবস্থা করে দিলেন। আলো জ্বলল। কাজ শুরু হলো। আমি চলে এলাম।
বিকেলে শুনলাম, আর কাজ করা যাবে না। স্থানীয় প্রযুক্তিতে পৌরসভা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আজকে পর্যন্ত সব মিলিয়ে ৩৮-৪০ ফুট খনন করা গেল। আর খনন করা সম্ভব হবে না। কারণ পানির লেয়ার। মোশাররফ প্রায় ঊরু পর্যন্ত পানিতে ডুবে হাতড়াতে হাতড়াতে আলামত সংগ্রহের চেষ্টা করেছেন।
বিকেলে ডিসি সাহেব খননকাজ পরিদর্শন করেন। সংগৃহীত এসব নিদর্শন দেখে তৎক্ষণাৎ ড. সামির মিশু এবং ড. মিজানুর রহমান সাহেবকে ডেকে পাঠান। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে এই হাড়গুলো বিভিন্ন বয়সের শিশু, নারী ও পুরুষের বলে জানান।
এরপর আমরা ডিসি সাহেবের নির্দেশে শহীদ জিয়া মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টে ৩২টা হাড় ও একগুচ্ছ চুল, স্যান্ডেল, জুতার সুকতলি, কাপড়, বোতাম ইত্যাদি নিয়ে যাই। এর আগেই ডিসি সাহেব শহীদ জিয়া মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টে প্রাপ্ত হাড়গুলোর সময়, বয়সসহ আরও বিস্তারিত জানার জন্য চিঠি পাঠান। অজ্ঞাত কারণে সেই চিঠিটি ফরেনসিক ডিপার্টমেন্টে পৌঁছায়নি।
যা হোক, ২৪ জানুয়ারি আমাদের ডাকা হলো বগুড়া জিয়া মেডিকেলে। সঙ্গে ছিলেন সুজন ভাই। এসডিও বাংলো (রেলওয়ে) বধ্যভূমি থেকে আপাত প্রাপ্ত আলামত নিয়ে গঠিত বোর্ডের অনুসন্ধান অনুযায়ী সম্ভাব্য যে তথ্য মেলে (মৌখিক), তা হলো,
১. এখানে একটি নারী, যার বয়স ১৮-২০ বছর এবং উচ্চতা ৪ ফুট ৪-৫ ইঞ্চি।
২. একটি বালক, যার উচ্চতা ৪ ফুট ১-২ ইঞ্চি।
৩. হাড়গুলো ৪০-৫০ বছরের আগের।
৪. ওগুলো চুল নয়, নকল চুল।
** কিছু হাড় ফরেনসিক টেস্টের জন্য ঢাকায় পাঠানো হবে। তারপর চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে।
এরপর ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত লিখিত রিপোর্টের ভিত্তিতে শ্রদ্ধেয় ডিসি স্যার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে আধুনিক খনন ব্যবস্থা গ্রহণ করে পাতকুয়াটি আরও খুঁড়ে গণহত্যার আরও নিদর্শন বের করার জন্য অনুরোধ করেন।
আশা করি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় খুব শিগগির এসডিও বাংলোর (রেলওয়ে) এ পাতকুয়া খননের আধুনিক ব্যবস্থা গ্রহণ করবে। দশিন জমাদারের বর্ণনামতে আমরা গণহত্যার আরও নিদর্শন পাব এবং বগুড়ায় সবচেয়ে বড় বধ্যভূমি হিসেবে স্বীকৃতি পাবে এসডিও বাংলো বধ্যভূমি। এই প্রত্যাশায়...
শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই জনাব নূরে আলম সিদ্দিকী (মাননীয় জেলা প্রশাসক, বগুড়া) ও জুয়েল ভাইকে।
* আকবর আহমদ, শিক্ষক ও গবেষক