বাংলাদেশ সফলভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করতে পারলে ২০৩০ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র্য নির্মূল হবে। এসডিজি পূরণের জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় সরকারকে সমানতালে কাজ করতে হবে।
গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘বিভাগীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ওরিয়েন্টেশন কর্মশালা’য় বক্তারা এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও উপজেলা গভর্নেন্স প্রকল্প যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর শায়লা খান, উপজেলা গভর্নেন্স প্রকল্পের ব্যবস্থাপক মোজাম্মেল হক। কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রুহুল আমীন বলেন, এসডিজিতে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম লক্ষ্যই হচ্ছে সব ধরনের দারিদ্র্য নির্মূল করা। এসডিজি অর্জন করতে স্থানীয় সরকারকে ভূমিকা রাখতে হবে। কারণ, স্থানীয় সরকারের প্রতিনিধিরাই জানেন অগ্রাধিকার ভিত্তিতে কখন, কোথায়, কী উদ্যোগ নেওয়া উচিত। এসডিজি অর্জন করা গেলে দেশে শিক্ষা, লিঙ্গসমতা, অবকাঠামো—সব ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উন্নয়ন আসবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া উপজেলা চেয়ারম্যানরা বলেন, স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করতে চেয়ারম্যানদের আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দুর্গম পার্বত্য এলাকাগুলোসহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চান। কিন্তু অর্থ খরচের স্বাধীনতা ও পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনেক জনপ্রতিনিধিই ঠিকমতো কাজ করার সুযোগ পাচ্ছেন না।