জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যকে (এসডিজি) একটি সম্মিলিত যাত্রা হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্য বাস্তবায়নের একটা উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বাসসের।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার এসডিজি ও এর পূর্বসূরি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) ওপর আয়োজিত উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের পাশাপাশি বাংলাদেশের উদ্যোগে এই আলোচনা সভা হয়।
সভায় শেখ হাসিনা বলেন, ‘এসডিজি বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি এবং অভ্যন্তরীণ, আন্তর্জাতিকসহ সব উৎস থেকে আমাদের সম্পদ সংগ্রহ করার প্রয়োজন হবে। অন্যথায় লক্ষ্য পূরণ করতে শুরু থেকেই খুবই সমস্যা হবে।’ এমডিজির মতো এসডিজিও অর্জন করে বাংলাদেশ আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, প্রযুক্তি এবং উন্নয়ন ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জন্য ব্যাপক সমর্থন প্রয়োজন। বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও পরিবহনের মতো খাতগুলোতে পরিবেশ উপযোগী প্রযুক্তি প্রয়োজন।
প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নয়ন বিস্ময় হিসেবে উল্লেখ করায় বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে অনেক উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি অগ্রগতি হয়েছে। অনেক উন্নয়ন চিন্তাবিদের ধারণা বাংলাদেশ ভুল প্রমাণ করেছে।
প্রধানমন্ত্রী এমডিজি অর্জনের সাফল্যের কারণ সম্পর্কে বলেন, ‘এমডিজি বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ এমডিজির কাঠামোর আলোকে দেশের উন্নয়ন পরিকল্পনা সমন্বয় করেছিল। আমরা চেয়েছিলাম, জাতীয় প্রত্যাশা পূরণে এমডিজির লক্ষ্য যেন আমাদের সহায়তা করতে পারে। এ ক্ষেত্রে আমরা আমাদের জাতীয় সম্পদ সংগ্রহ এবং সক্ষমতা বৃদ্ধি করেছি।’
অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্ডার, বেনিন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোনি ইয়াই, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মোগেনস লেকেটোফট, ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি আন্ডার সেক্রেটারি জেনারেল গায়ান চন্দ্র আচারিয়া এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বিশেষ দূত মাহমুদ মহিউদ্দিন বক্তব্য দেন।
নেদারল্যান্ডসের রানির সঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কর্মসূচি চালুর আগ্রহ প্রকাশ করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের সদর দপ্তরে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।
রানি ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কর্মসূচিবিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন। বৈঠকে তিনি এই অর্থায়ন কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। রানি বলেন, তিনি ওই অর্থায়ন কর্মসূচি-সংক্রান্ত একটি কৌশল চালু করতে যাচ্ছেন। তিনি তাতে শেখ হাসিনার অংশগ্রহণ চান।